প্রশ্ন ফাঁস ঠেকানোর কয়েকটি যুগোপযোগী উপায় বের করলেন মাহবুব আলম, এঁকেছেন আবু হাসান

* পরীক্ষার দুই দিন আগে কর্তৃপক্ষ সব পরীক্ষার্থীকে একাধিক প্রশ্ন পাঠিয়ে দিতে পারে। প্রশ্ন পাঠানো হবে ফেসবুক, ই-মেইল, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সম্ভাব্য সব মাধ্যমে। আগেই এত এত প্রশ্ন পেলে সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাবে। কোনটা পড়বে, কোনটা বাদ দেবে—এটা ভাবতেই ভাবতেই কেটে যাবে সময়। আর কেউ যদি সব প্রশ্নই পড়ে, তাহলে তার চেয়ে ভালো প্রস্তুতি আর কার হবে?
* তদন্ত রিপোর্ট আর ঘোড়ার ডিম—দুটিই আমরা কখনো দেখতে পাই না। কর্তৃপক্ষ প্রশ্নপত্র বহনকারী ব্যাগের ওপর যত্ন করে ‘তদন্ত রিপোর্ট’ লিখে রাখতে পারে। পরবর্তী সময়ে যখন প্রশ্ন ফাঁসকারীরা প্রশ্ন নিতে এসে প্রশ্নের বদলে তদন্ত রিপোর্টের ব্যাগ দেখবে, তখন হতাশ হয়ে খালি হাতেই ফিরে যাবে।
* ‘প্রশ্ন ফাঁস মহৎ গুণ’ নামক একটা নতুন নীতিবাক্যের প্রচলন করা যেতে পারে দেশে। কারণ, আমরা নীতিবাক্যের উল্টা কাজটাই বেশি করি। তাই পরে অনেক বোঝালেও কেউ আর প্রশ্ন ফাঁসের মতো ‘মহৎ’ কাজটা করতে এগিয়ে আসবে না।

* ‘অমুক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীর নাম কী? তাদের বিস্তারিত ঠিকানা লেখো।’—এ রকম একটা প্রশ্ন প্রতিটা পরীক্ষায় রাখা যায়। যেটার উত্তর পরীক্ষার্থীদের দিতে হবে উত্তরপত্রে। এই প্রশ্নের মান অন্যান্য প্রশ্নের চেয়ে বেশি থাকবে। ফলে সবাই এই প্রশ্নের উত্তর লিখবে এবং যারা প্রশ্ন ফাঁসকারীদের চেনে, তারা অন্যদের চেয়ে বেশি নম্বর পাওয়ার আশায় সেসব ফাঁসকারীর নাম লিখে দিয়ে আসবে।
দোস্ত, ‘গত এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীর নাম কী?’—এই প্রশ্নের উত্তরে কার নাম লেখছস?
বদরুল কাকার নাম লিখছি। তুই?
আমিও তা-ই লিখছিলাম কিন্তু এইটা কাইটা দিই। নইলে স্যার আবার ভাবব আমরা দুজন দেখাদেখি করছি!

‘প্রশ্ন ফাঁসের কলাকৌশল’ নামে একটা নতুন সাবজেক্ট সিলেবাসে যোগ করব ভাবতেছি।
কেন?
পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ কম। প্রশ্ন ফাঁসের ওপর কোনো বিষয় যুক্ত হওয়ার পর প্রশ্ন ফাঁসের প্রতিও আমাদের আগ্রহ হারিয়ে যাবে। ফলে প্রশ্ন আর ফাঁসও হবে না।
প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচ এম এরশাদ কর্তৃক ‘অমুক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে’ এই মর্মে একটা ব্রেকিং নিউজ প্রচার করা যেতে পারে।
ঠিক বলছেন, এর ফলে প্রশ্ন যে সত্যি সত্যিই ফাঁস হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। হে হে হে।