প্রশ্ন ফাঁসের এই স্বর্ণযুগে বদলে গেছে কিছু পরিস্থিতি। সেসব নিয়ে লিখছেন এইচ এম ফজলে রাব্বী
পরীক্ষার আগের রাত
প্রস্তরযুগ
মা: বাবা, আজকে রাতে ১০টায় ঘুমায় পড়বি। বেশি রাত জাগিস না। খাওয়ার আগে এক গ্লাস দুধ খেয়ে নিস। বেশি রাত জেগে পড়িস না। যা পড়ার পড়েছিস, এখন ঘুমা।
মধ্যযুগ
মা: বাবা রে, কালকে না তোর পরীক্ষা? আমাকে ফোনটা দিয়ে পড়তে বস। রাত ১২টার বেশি জাগিস না। ঠিকমতো পড়িস। সারা বছর তো মোবাইলই টিপলি। আজকের রাতটা নাহয় পড়।
আধুনিক যুগ
মা: বাবা, কালকে পরীক্ষা আর তোর হাতে মোবাইল নাই কেন? গাধার মতো এভাবে পড়ে কী লাভ? খাওয়াদাওয়া কর ঠিকমতো। ঘুমাবি না একদম। কখন যে প্রশ্ন আউট হবে, ঘুমালে কিন্তু সলভ করার সময় পাবি না। ওয়াই-ফাই ছাড়াও এক জিবি নেট রিচার্জ করে দিয়েছি ফোনে আর পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ দেওয়া আছে।
পরীক্ষার পূর্বমুহূর্ত
প্রস্তর যুগ
বাবা: সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? কয়টা কলম? চারটা মাত্র! আরও দুইটা নে। টেনশন করবি না একদম। প্রশ্ন পাওয়ার পর সব পড়বি আগে। তারপর যেটা সবচেয়ে ভালো পারিস, সেটা আগে লিখবি।
মধ্যযুগ
বাবা: সারা বছর মোবাইল টিপবে আর এখন পরীক্ষার আগে পড়তে পড়তে বিদ্যার জাহাজ হইতেছে! আরে, আর ১০ মিনিট মাত্র আছে পরীক্ষার; হইছে, ওঠ। নাশতা খেয়ে যা। কলম নিস আবার মনে করে।
আধুনিক যুগ
বাবা: এখনো প্রশ্ন পাস নাই? কী, সলভ হয় নাই উত্তর? আরে, আধা ঘণ্টা পরে ঢুকিস। তা-ও সলভ কর। সবাই রাতেই পায়, তুই কেন পাস না? ডাবলুরে ফোন দিয়ে সব শিওর হইয়া নে। সবগুলা অবজেকটিভ যাতে হয়।
পরীক্ষারপর
প্রস্তর যুগ
মা: ঠিকমতো লিখেছিলি তো সব? সমস্যা হয় নাই তো? কলম ঠিক ছিল? সব পারছিস? একটা প্রশ্ন বুঝিসনি তো কী হইছে! আচ্ছা থাক, অসুবিধা নাই। ওপরওয়ালার দয়ায় ভালোই দিছিস।
মধ্যযুগ
মা: কেমন হইছে? কী বুঝতেছিস না? তা বুঝবি কেন, সারা দিন তো মোবাইল আর ফেসবুক। এ-প্লাস থাকব কি না সেইটা বল। এ-প্লাস না পাইলে তোর মোবাইল আমি ভাঙব। রেজাল্টটা দিয়ে নিক আগে।
আধুনিক যুগ
মা: প্রশ্ন মিলছিল তো? সবগুলা ঠিকমতো দিছিস? কী, ছয় নম্বর প্রশ্নের উত্তর পরীক্ষার হলে যাইতে ভুইলা গেছিলি? বাকিগুলা মনে ছিল তো? মোবাইলটা নিয়ে আবার অবজেকটিভগুলা মিলা। দেখ, এক-দুইটা ভুল হইল কি না।
রেজাল্টের পর
প্রস্তর যুগ
বাবা: ভাই, আমার ছেলে স্ট্যান্ড করেছে। এত পরিশ্রম করছিল। নিজের ছেলে দেখে বলছি না। ওকে তো প্রতিদিন ঠিকমতো দুধ-ডিমও খাওয়াইতে পারি নাই।
মধ্যযুগ
বাবা: ভাই, আমার ছেলে এ-প্লাস পেয়েছে। ও একটু মোবাইল বেশি টিপলেও ব্রেনটা কিন্তু শার্প। যাক, ভালো করেছে। তো আপনার মেয়ের খবর কী?
আধুনিক যুগ
বাবা: ভাই, ছেলে আমার গোল্ডেন এ-প্লাস পেয়েছে। বিশ্বাস করবেন না, এক্সামের আগে ও সারা রাত জেগে ছিল! এমনকি পড়ার জন্য কেন্দ্রে ২৫ মিনিট পরে ঢুকেছিল। ওকে কথা দিয়েছিলাম আইফোন টেন কিনে দেব। কত দরকারে যে লাগে এই মোবাইল!