
কলেজে ভর্তির জন্য প্রতিবছর নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি) অনুষ্ঠিত হয়। এবার এই পরীক্ষায় অংশ নিয়েছেন সাড়ে ছয় লাখের বেশি শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ইংরেজি ও জীববিজ্ঞান অংশের দুটি প্রশ্নে ভুল ছিল। আর তাতেই ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন দেশটির কোরিয়া ইনস্টিটিউট ফর কারিকুলাম অ্যান্ড ইভ্যালুয়েশনের (কেআইসিই) পরীক্ষা প্রধান
কিম সাং-হুন। ভুলের জন্য পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী
হাওয়াং উ-ইয়া।
কিম সাং-হুন তৃতীয় কোরীয়, যিনি প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পদত্যাগ করলেন। এর আগেও একই ধরনের ‘দুর্ঘটনায়’ আরও দুজন পরীক্ষা–প্রধানের পদত্যাগ করার ঘটনা ঘটেছিল। ২০১৩ সালে একই পরীক্ষায় ভূগোল প্রশ্নে ভুল ছিল। সে কারণে দক্ষিণ কোরিয়া হাইকোর্টে পরীক্ষা কমিটিকে হাজির হতে হয়েছিল টানা এক বছর ধরে। প্রশ্নপত্রের ভুলের মামলায় শেষমেশ বিজয়ী হয়েছিল মামলাকারী চার শিক্ষার্থী।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ডেইলি মেইল ও ওয়াশিংটন পোস্ট