
বনে এখন একটাই রব—‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, প্রশ্নপত্রের ফাঁসি চাই’।
কেন সে আউট হলো? কেন সে বছরের পর বছর নিজেকে আউট হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারছে না? আন্দোলনটা শুরু হয়েছে ঠিক শিয়াল পণ্ডিতের পাঠশালার সামনে। শিয়াল পণ্ডিতের তো মাথা খারাপ অবস্থা। আন্দোলন কোথা থেকে কোথায় গড়ায় কে জানে! এভাবে যদি বছরের পর বছর প্রশ্ন আউট হতেই থাকে, তাহলে কি বাচ্চাকাচ্চারা আর তার পাঠশালায় ভর্তি হবে? আর ভর্তি হলেই বা কী? এই ভোলাভালা বাচ্চাগুলো দিনরাত পরিশ্রম করে, গরমে ঘেমে, রাতে মোম জ্বালিয়ে পড়াশোনা শিখবে? আর ফাঁকিবাজগুলো তো আউট হওয়া প্রশ্নের উত্তর কাট-কপি-পেস্ট মেরে বের হয়ে যাবে। বনে বুড়ো পণ্ডিত বলে যে মানমর্যাদা ছিল, সবই তো গেল বলে!
ঝটকা মেরে দাঁড়িয়ে পড়ে শিয়াল পণ্ডিত জাতির উদ্দেশে ঘোষণা দিলেন, ‘আমি শিয়াল পণ্ডিত, আপনাদের কথা দিচ্ছি, এবার আর কোনো ধানাইপানাই হবে না। এবার আমি এর মূলোৎপাটন করেই ছাড়ব।’
ইতিমধ্যে বনের রাজা সিংহও এসে হাজির। সিংহ সবার উদ্দেশে হাত নেড়ে বললেন, ‘আপনারা জানেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এটা জানেন কি, বারবার শিক্ষা পেয়েও এ জাতি শিক্ষিত হচ্ছে না কেন? কেউ জানলে জায়গায় দাঁড়িয়ে হাত তোলেন।’
বানর চট করে হাত তুলেই আশপাশে তাকিয়ে হাত নামিয়ে ফেলল। নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পাওয়া হাতি পাশে ছিল বলেই কি না কে জানে, সে আর সাহস করল না। সিংহ বলে চলেছেন, ‘আমি নাম বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই, যারা জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চায়, তাদের কালো হাত এর সঙ্গে জড়িত। তাদের কালো হাত ভেঙে দিতে হবে।’
বনের সবচেয়ে বেকুব হলো গাধা। সে চেঁচিয়ে উঠল, ‘জানেনই যদি, ভাঙেন না কেন?’ সঙ্গে সঙ্গে সেখান থেকে বের করে দেওয়া হলো বেকুব গাধাকে।
বনের প্রাণীরা উসখুস করছে দেখে শিয়াল পণ্ডিত বললেন, ‘প্রতিবার পরীক্ষার প্রশ্ন আউট হলে একটা তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু এবার দুইটা কমিটি গঠন করা হবে।’ আনন্দে ফেটে পড়ল পশুপাখিরা। এত কঠোর পদক্ষেপ তো বাপের জন্মেও শোনেনি কেউ। দুই দুইটা তদন্ত কমিটি! এবার আর রক্ষা নেই, আউট হওয়া প্রশ্নের ফাঁসি নিশ্চিত।
তবে এই যুগে বনে শুধু রাজা আর পণ্ডিত শিয়ালই থাকেন না। বিরোধী দলও থাকে। বিরোধীদলীয় প্রধান সিংহ এই ঘোষণায় খুশি হতে পারলেন না। অন্য সময় হলে চিৎকার করে চারপাশ গরম করে ফেলতেন। কিন্তু এখন তার সময় ভালো যাচ্ছে না। অন্য কৌশল বেছে নিলেন। গাছে গাছে লিফলেট ঝুলিয়ে দিলেন, ‘নকল বন্ধে প্রশ্ন আউট/ শিয়াল পণ্ডিত বেজায় টাউট’।
তারপর আর কী? ডিজিটাল বিচ্ছু পোলাপানেরা খুশি। তারা জানে, যেভাবেই হোক প্রশ্ন আবার আউট হবে। পাঠশালার পণ্ডিতমশাই খুশি, আর যা-ই হোক, নকল বন্ধের ঘোষণা তো দিতে পেরেছি। বিরোধী দল খুশি, মাঠে নামতে না পারি, কর্মসূচি তো ডালে ডালে ছড়িয়ে দিতে পেরেছি। সবাই যখন খুশি তখন বনের রাজা খুশি না হয়ে পারেন?
গ্রন্থনা: আবদুল্লাহ মামুর