প্রসন্ন গুহ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ উদ্বোধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামের ১২ জন শহীদের স্মৃতির উদ্দেশে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে বাজালিয়া প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন শহীদ পরিবারের সন্তান বিমল গুহ ‘স্মৃতি একাত্তর’ নামের এই স্মৃতিসৌধ উদ্বোধন করেন।
এর আগে ওই দিন সকালে বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অমল গুহ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন স্মৃতিসৌধের নকশাকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, আবদুল মালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হামিদ, ছদাহা কেওচিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি নেজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, বাজালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছদাহা কেওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে নিহত ১২ জন শহীদের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠান শেষে শহীদ পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।