‘এই নয় মাসের যন্ত্রণা, অসহনীয় প্রসববেদনা—সব ভুলে গেছি সন্তানের হাসি মুখটি দেখে। দুঃখের বিষয় সমাজ মায়েদের উপযুক্ত মর্যাদা দিতে চায় না। এখনো কন্যাসন্তান জন্ম দিলে অবহেলা-অনাদর আর ক্ষেত্রবিশেষে মানসিক নির্যাতন নেমে আসতে দেখি।’ জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে ৫ মে রাত আটটায় নবজাতককে কোলে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বললেন কামরুন নাহার। তিনি প্রথম সন্তানের মা হয়েছেন। রাউজানের মোহাম্মদপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। আনন্দ-বেদনার এক অপরূপ চিত্র দেখা গেল আন্দরকিল্লার জেমিসন হাসপাতালে। একদিকে প্রসূতি মায়েদের নিয়ে ব্যস্ত চিকিৎসক-সেবিকারা, স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা, ওষুধ-পথ্য আনা-নেওয়ার জন্য ছোটাছুটি। অন্যদিকে নবজাতকের মায়ের বাঁধভাঙা খুশি, চিকিৎসকদের চোখেমুখেও বিজয়ের হাসি, ফুল-মিষ্টি আর উপহারের ছড়াছড়ি। এ সবই মায়ের জন্য, মমতাময়ী মা। মা হওয়ার কষ্টই বড় আনন্দের—এই মায়ের। এই হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন নাজ সোহানী সুলতানা বলেন, ‘আমি নিজেও একজন মা। মায়ের মুখে হাসি ফোটানোই আমাদের কর্তব্য। আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে মা ও শিশু—দুইজনকেই সুস্থ রাখা যায়। রোগীদের প্রতি ভালোবাসা আছে বলেই জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল এখনো প্রসূতি মায়েদের কাছে এত জনপ্রিয়।’এখানে আছে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, ব্লাড ব্যাংক, রোগ নিরূপণকেন্দ্র, ৫০ টাকায় বহির্বিভাগে মা-শিশুর চিকিৎসা, দিনরাত ২৪ ঘণ্টার সেবাসহ অনেক সুযোগ-সুবিধা। তবে একটি রেস্তোরাঁ থাকলে ভালো হতো বলে মন্তব্য করলেন রোগীর অভিভাবক সুচন্দা বড়ুয়া।জটিল প্রসূতি মায়েদের জন্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সরকারি হাসপাতাল হওয়ায় এখানে যেসব মূল্যবান চিকিৎসা সরঞ্জাম আছে তা আর কোথাও নেই। হাসপাতালে প্রতিদিন শত শত প্রসূতি মায়ের ভিড়। কারও মুখে হাসি। সন্তানকে পরম মমতায় বুকে আগলে রেখেছেন মা। আবার কারও মুখে কালো মেঘ। কোহিনূর আক্তারের বয়স ২১ বছর। প্রথম মা হয়েছেন পাঁচ দিন আগে। তিনি সুস্থ আছেন, সুস্থ আছে তাঁর সন্তানও। তাই খুশি নবজাতকের বাবা আবু তাহেরও। তিনি বলেন, ‘এই আনন্দ তো মুখে বলে বোঝানো যায় না। অস্ত্রোপচার করতে কোহিনূরকে যখন নিয়ে গেল তখন শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম। বাচ্চার মুখ দেখে মনে হলো আল্লাহ আমাকে মানিক দিয়েছে। এত খুশি জীবনে আসেনি।’ কোহিনূর জানান, ‘সন্তান হওয়ার আগে শুধু উল্টাপাল্টা স্বপ্ন দেখতাম। ভালো স্বপ্নও দেখতাম। দেখতাম আমার বাচ্চার মুখ।’ বাচ্চা তার স্বপ্নের মতোই হয়েছে কি না জিজ্ঞেস করলে মৃদু হেসে জানান, ‘বাচ্চা নিয়ে যা ভেবেছি তার চেয়েও সুন্দর হয়েছে। আল্লাহ যেন আমার মানিককে সুস্থ রাখে।’ বাচ্চাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই রীনা রানি দাসের। তিনি প্রথম মা হয়েছেন। বাচ্চাটা শুধু বমি করে খাওয়ার পরে। চিকিৎসক জানালেন, এটা দুশ্চিন্তার বিষয় নয়, তারপরও ভাবনা কাটে না তাঁর। তিনি জানালেন, ‘বাচ্চা সুস্থ আছে, অস্ত্রোপচারের সেলাই কাটার পরই বাড়িতে চলে যাব।’ বংশের প্রথম সন্তান নিয়ে আহ্লাদের শেষ নেই দাদিরও। তিনি বললেন, ‘নাতনি আমার বাপের চেহারা পাইছে, ভাগ্যবতী হবে।’ গর্ভকাল, প্রসবকাল ও প্রসবোত্তর নিরাপত্তার ব্যাপারে কথা হলো সোনিয়া বেগমের সঙ্গে। পৃথিবীতে তাঁর মা, বাবা, ভাই, বোন—কেউ নেই। দাদির কাছে বড় হয়েছেন তিনি। মাত্র ১১ বছর বয়সে ৪০ বছর বয়সী এক লোকের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাঁকে। ১৪ বছরে তিনি গর্ভবতী হলেও জানতে পারেন না। স্বামী মারত বলে পালিয়ে আসেন স্বামীর বাড়ি থেকে। এরপর স্বামী আবার নিয়ে গেলে একসঙ্গে অনেক জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়ে ফেলেন। ফলে রক্তস্রাব শুরু হলে গ্রামের অশিক্ষিত হাতুড়ে ডাক্তার দিয়ে বাচ্চা নষ্ট করানো হয়। এর কয়েকমাস পর প্রচণ্ড পেটব্যথায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পেটে ইনফেকশনের কারণে তার প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। গর্ভবতী মায়েদের এসব দুরবস্থা প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি ও অব্স বিভাগের প্রধান রোকেয়া বেগম বলেন, ‘যতদিন আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে না, ততদিন পর্যন্ত গর্ভবতী মায়ের ব্যাপারে সচেতনতাও সৃষ্টি হবে না। ৯০ ভাগ মায়ের বয়সই ১৮ বছরের নিচে। এর একমাত্র কারণ বাল্যবিবাহ। মেয়েদের মধ্যে শিক্ষা, সচেতনতা সৃষ্টি না হলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না। স্বাস্থ্য খাতে বাজেট ও প্রশিক্ষিত কর্মী না বাড়ালে অবস্থার পরিবর্তন হবে না। পরিবার পরিকল্পনা গ্রহণ না করা, চাইল্ড সারভাইভাল সিকিউরিটি (নবজাতকের নিরাপদ জীবন) না থাকা, চিকিৎসকের সঙ্গে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও উন্নত চিকিৎসা যন্ত্রপাতির অভাব মা ও শিশুমৃত্যুর হার বাড়াচ্ছে।’ গাইনি ওয়ার্ডের সুযোগ-সুবিধা সম্পর্কে তিনি বলেন, অনেক কিছুই আগের চেয়ে উন্নত হয়েছে। এখানে বর্তমানে জরায়ু ক্যান্সারের নিরূপণ, অবসেটট্রিক ফিস্টুলার অস্ত্রোপচার করা যায়। কিন্তু এখন একটা নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও চিকিৎসা যন্ত্রপাতির দরকার। শয্যার চেয়ে প্রায় তিন গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। এজন্য শয্যাসংখ্যাও বাড়ানো প্রয়োজন।