প্রসূতির জীবন বাঁচানোর ম্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আব্দুল কাইউম
মো. আব্দুল কাইউম

সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে গত বছর মরতে বসেছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রুমা খাতুন। কিন্তু সে যাত্রায় একটি ম্যাট ব্যবহারের কারণে জানা গিয়েছিল তাঁর রক্তক্ষরণের মাত্রা। দুর্ঘটনার আগাম বার্তায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। রুমা আর তাঁর সন্তান এখন সুস্থ।
রুমার মতো অতিরিক্ত রক্তক্ষরণের শিকার এমন অনেক মায়ের জীবন বাঁচিয়ে দিচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহযোগী বিজ্ঞানী মো. আব্দুল কাইউমের উদ্ভাবিত বিশেষ এ ম্যাট (মাদুর)। এটির নাম দেওয়া হয়েছে আইসিডিডিআরবি কিউ ম্যাট।
সর্বশেষ বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ (২০১০) বলছে, মাতৃমৃত্যুর প্রধান কারণ প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী বাড়িতে সন্তান প্রসব করেন। বেশির ভাগই হয় ধাইদের হাতে। তাঁরা আগে থেকে জানতে পারেন না কতটা রক্তক্ষরণ হতে পারে। এ কারণে সন্তান প্রসবের সময় যেসব নারীর রক্তক্ষরণ বেশি হয়, তাঁদের অনেকে সঠিক সময় হাসপাতালে না নেওয়ায় মারা যান।
এত দিন রক্তক্ষরণ পরিমাপের সহজ কোনো পদ্ধতি ছিল না।
২০০৬ সাল থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন কাইউম। অনেক গবেষণার পর তিনি উদ্ভাবন করেন প্রসূতি মায়ের রক্তক্ষরণের পরিমাপ নির্ধারক ম্যাট। এটি প্লাস্টিক, টিস্যু পেপার আর হাসপাতালের গজ কাপড়ের সমন্বয়ে তৈরি। ২০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি প্রস্থের ম্যাটটি বাচ্চা প্রসবের পরপরই প্রসূতির কোমরের নিচে রাখা হয়। প্রসবের পর ম্যাটে রক্ত পড়তে থাকে। ওই সময় যে রক্ষক্ষরণ হয়, তা এই ম্যাট শুষে নেয়। রক্তে ম্যাট কতটুকু ভিজল, তা দেখে প্রসূতির ঝুঁকি আঁচ করা সম্ভব হয়।
আব্দুল কাইউম জানান, ম্যাটটি রক্তে পুরোপুরি ভিজে লাল হয়ে যাওয়ার অর্থ ওই প্রসূতি মায়ের ৪০০ থেকে ৪৫০ মিলিলিটার রক্তক্ষরণ হয়ে গেছে। চিকিৎসাবিজ্ঞানের সংজ্ঞা অনুসারে, প্রসব-পরবর্তী ২৪ ঘণ্টায় ৫০০ মিলিলিটার বা তার অধিক রক্তক্ষরণ হলে তাকে প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বলে। এ ক্ষেত্রে ওই ম্যাট পুরোপুরি ভিজলেই বোঝা যাবে, ওই মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, তাঁকে হাসপাতালে নিতে হবে। ম্যাট ব্যবহারের কৌশলটিও অত্যন্ত সহজ।
আব্দুল কাইউম জানান, সন্তান প্রসবের সময় বেশি মাত্রায় রক্তক্ষরণ হলে শরীরে রক্তচাপ কমে আসে। তখন শরীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড নিষ্ক্রিয় হতে থাকে। ফলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এ সময় প্রসূতিকে সঙ্গে সঙ্গে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। তাঁকে হাসপাতালে নিতে হয়। কিন্তু এটা বুঝতেই অনেক সময় চলে যায়। এ দেশে হাসপাতালে নিতে বিলম্ব হওয়ার কারণেই বেশির ভাগ মা মারা যান। এই ম্যাট ব্যবহারে সেই ঝুঁকি অনেকাংেশ কমে আসবে।
আব্দুল কাইউম ২০০৭ সালে এই ম্যাট উদ্ভাবন করেন। এ সময় তিনি প্রসূতি মায়ের ওপর এটি নিয়ে গবেষণা করে খুবই ইতিবাচক ফল পান। গবেষণার জন্য এ পর্যন্ত যা তৈরি করেছেন, তাতে প্রতিটির খরচ পড়েছে ৪০ টাকা।
ইতিমধ্যে কাইউমের এই ম্যাট নিয়ে গত বছর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। তাঁর ম্যাটের খবর পেয়ে মিয়ানমার, কম্বোডিয়া, নাইজেরিয়া, উগান্ডা, ইথিওপিয়া এই ম্যাট তাদের দেশে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে।
ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করেন আব্দুল কাইউম। তাঁর একটি বড় পরিচয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ছয়জন ছাত্রের উদ্যোগে সন্ধানী প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি তাঁদের একজন।
ম্যাট উদ্ভাবনের পাশাপাশি কাইউম ২০০৬-২০০৭ সালে প্রসূতি নারীর রক্তক্ষরণ বন্ধে অক্সিটোসিন ইনজেকশনের পরিবর্তে মিসোপ্রস্টল ওষুধ খাওয়ার প্রচলনের ওপর গবেষণা করেন। তাঁর এই গবেষণা ও বিশ্বের অন্যান্য গবেষণার ফলে বর্তমানে রক্তক্ষরণ কমানোর এই ওষুধ জাতীয় মাতৃস্বাস্থ্য কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।
কাইউম বলেন, ‘আমি চিকিৎসক না হয়ে গবেষক হয়েছি। আমি মনে করি, গবেষণার মাধ্যমে নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করে এবং অন্যান্য গবেষণালব্ধ ফলের মাধ্যমে অনেক বেশি মানুষের সেবা করা সম্ভব।’
কাইউম ১৯৯৪ সালে গবেষক হিসেবে আইসিডিডিআরবিতে যোগ দেন। এখন তিনি গর্ভবতী মায়ের প্রজননতন্ত্র ও মূত্রনালিতে সংক্রমণ এবং সময়ের আগে প্রসবের ওপর এর প্রভাব নিয়ে গবেষণা করছেন। এ গবেষণার ফল ইতিবাচক হলে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে নবজাতক মৃত্যুহার কমানোর নতুন দিক উন্মোচিত হবে বলে তিনি মনে করেন।