প্রসূতিসেবা নেই মহেশখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নারীদের প্রসূতিসেবা নেই। বেশির ভাগ গর্ভবতী নারী প্রসব করাচ্ছেন গ্রামের অদক্ষ ধাত্রীদের দিয়ে। ফলে প্রসবের পর নানা জটিলতায় ভোগে মা ও শিশু।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে গাইনি চিকিৎসকের পদ শূন্য ২০১১ সালের জানুয়ারি মাস থেকে। এর পর থেকে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। দ্বীপের সামর্থ্যবান লোকজন প্রসূতিসেবার জন্য চলে যান কক্সবাজার শহরে।এদিকে মাতারবাড়ী, ধলঘাটা, হোয়ানক, শাপলাপুর, বড়মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রেও একই অবস্থা। এসব কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ শূন্য দীর্ঘদিন ধরে। অথচ এসব স্বাস্থ্যকেন্দ্রে নারীদের গর্ভকালীন, প্রসব ও পরবর্তী সেবা এবং নবজাতকের সেবা দেওয়ার কথা।ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এখানে নামেই স্বাস্থ্যকেন্দ্র আছে। কিন্তু সেবা নেই। প্রসূতিসেবার জন্য সরকারি তো দূরের কথা, বেসরকারি উন্নয়ন সংস্থার কোনো ক্লিনিক নেই। নারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অদক্ষ ধাত্রীর শরণাপন্ন হন।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে মা ও শিশুর পাশাপাশি প্রসূতি নারীদের সেবা দেওয়ার কথা। কিন্তু লোকবলের সংকটে এসব সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার জন্য অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।স্থানীয় লোকজন জানান, এখানকার বেশির ভাগ মানুষ গরিব। তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কক্সবাজার শহরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা নেই। তাই প্রসবের জন্য গর্ভবতী নারীদের ভরসা অদক্ষ গ্রাম্য ধাত্রী। তাঁরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি জানান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, অদক্ষ ধাত্রী দিয়ে প্রসব করানোতে নারীদের রক্তক্ষরণ ও খিচুনি দেখা দেয়। তা ছাড়া নবজাতক শিশুরও শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সংকটাপন্ন অবস্থায় এ রকম অনেক রোগী ভর্তি হয় প্রায় সময়। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় জটিল প্রসূতি রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, জরুরি ভিত্তিতে হাসপাতালে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া বলেন, একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে। কিন্তু তাঁদের কোনো সাড়াশব্দ নেই।এ জন্য হাসপাতালে প্রসূতিসেবা নিশ্চিত করতে একজন সেবিকাকে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।