প্রসূতিসেবা বন্ধ তিন বছর
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অভাবে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম তিন বছর ধরে বন্ধ রয়েছে। এতে দুর্গম এলাকার প্রসূতিরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বছরের পর বছর ব্যবহার না হওয়ায় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি জেনারেল হাসপাতাল ছাড়া নয়টি উপজেলার কোথাও প্রসূতিসেবা কার্যক্রম চালু ছিল না। দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় ২০০২ সালে বাঘাইছড়ি উপজেলায় প্রসূতিসেবা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০০৩ সালের ৮ জানুয়ারি প্রসূতিসেবার যন্ত্রপাতি আনা হয়। প্রায় তিন বছর বাক্সবন্দী থাকার পর ২০০৬ সালের আট জুলাই জরুরি প্রসূতিসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।২০০৮ সালে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) অরবিন্দ চাকমা খাগড়াছড়ি সদর হাসপাতালে বদলি হয়ে গেলে তাঁর জায়গায় এখনো কোনো চিকিৎসক যোগ দেননি বলে জানা গেছে। ৩১ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রে নয়জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র দুজন। এ ছাড়া সাত ইউনিয়নে সাতটি উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিৎসক থাকার কথা। কিন্তু একটি ইউনিয়নেও চিকিৎসক নেই।এ ছাড়া ২০০৬ সালে এক্স-রে যন্ত্র স্থাপন করা হলেও বিদ্যুতের অভাবে সচল করা যাচ্ছে না। তেল বরাদ্দ না থাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে অচল পড়ে আছে জেনারেটর ।কচুছড়ি গ্রামের নয়ন আলো চাকমা অভিযোগ করে বলেন, দুর্গম এই এলাকার কোনো প্রসূতিকে জরুরি চিকিৎসা দিতে হলে চট্টগ্রাম বা খাগড়াছড়ি নিতে হয়। অনেক প্রসূতি পথে অসুস্থ হয়ে পড়েন। কারও কারও মৃত্যুও ঘটে। সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এল থাংয়া পাংখোয়া বলেন, ‘আমাদের ইউনিয়নে প্রসূতিরা চিকিৎসকের মুখ দেখে না। সবাই ওঝা ও বৈদ্যের ওপর নির্ভরশীল।’ এ বিষয়ে চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক না থাকায় দীর্ঘ তিন বছর ধরে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু আমাদের স্বাস্থ্যকেন্দ্র নয়, রাঙামাটি জেনারেল হাসপাতালেও প্রসূতিসেবা কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রথম আলোকে বলেন, ‘২০০৬ সালে প্রসূতিসেবা কার্যক্রম শুরু হওয়ায় এলাকার লোকজনের আশা ছিল এবার তারা চিকিৎসাসেবা পাবে। এই বিভাগ চালুর জন্য চিকিৎসক নিয়োগ দিতে হবে জরুরি ভিত্তিতে। এ জন্য বিভিন্ন সময়ে কর্তৃপক্ষকে একাধিক চিঠি দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।’