প্রস্তাব বাস্তবায়নে লিখিত প্রতিশ্রুতি চান বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা রাস্তায় ছিলেন গত সপ্তাহের বেশির ভাগ সময়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পথ থেকে সরে আসতে চাননি কেউ-ই। টানা বৃষ্টিও তাঁদের থামাতে পারেনি। মিছিল-সমাবেশ চলেছে টানা চার দিন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে বিনিয়োগকারীদের সংগঠন ‘ইনভেস্টরস ফোরাম অব চিটাগং’-এর ব্যানারে থালা মিছিল হয়েছে নগরের আগ্রাবাদে। এ দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ৭৯টির, কমে ৭৪টির। অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ দিন মোট ৩৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ছয় কোটি ৪৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয় ৪৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। এ অবস্থায় বিনিয়োগকারীরা এসইসির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) সাম্প্রতিক বৈঠকের প্রস্তাব নিয়েও তাঁরা সন্তুষ্ট হতে পারছেন না। সিদ্ধান্ত বাস্তবায়নে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। ‘ইনভেস্টরস ফোরাম অব চিটাগং’-এর আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। পুঁজি হারিয়ে সবাই নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় শুধু প্রস্তাবের ওপর আমরা ভরসা রাখতে পারছি না। এসব প্রস্তাব সুস্পষ্টভাবে কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ সব পক্ষকে লিখিতভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’এ প্রসঙ্গে সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমিও বিনিয়োগকারীদের সঙ্গে একমত পোষণ করি। এসব প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা গেলে বিনিয়োগকারীরা এর সুফল পাবেন। তবে একক গ্রাহক ঋণসীমার (সিঙ্গেল পার্টি এক্সপোজার) সময়সীমা বাড়ানোর বিষয়টি লিখিত প্রতিশ্রুতি না দিলেও আমরা আশ্বস্ত হতে পারি। কারণ, বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তার (নির্বাহী পরিচালক) মৌখিক অঙ্গীকারের গুরুত্ব কোনো অংশে কম নয়।’গত বৃহস্পতিবার ঢাকায় এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) কার্যালয়ে পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠকে কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এসইসি সূত্রে জানা যায়, ওই বৈঠকে শেয়ার লেনদেনের সময়সীমা চার দিন থেকে কমিয়ে তিন দিনে করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্ির্ট এক্সপোজার) সমন্বয়ের সময় আগামী ৩১ ডিসেম্বর থেকে বাড়ানোর প্রতিশ্রুতি এসেছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বলেছেন, ব্যাংকের ব্যবস্থাপনা ঠিক রেখে পুঁজিবাজারের জন্য যা যা করা দরকার ব্যাংক তা করবে। পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ব্যাংক আইনেও বেশ কিছু সংশোধনী এনেছে। এসব সংশোধনী অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।