প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের নেতা ও অর্থনীতিবিদেরা। তবে প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের কয়েকটি দাবি নিয়ে নির্দেশনা থাকায় ব্যবসায়ী সংগঠনের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। চট্টগ্রাম চেম্বার: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম মনে করেন, প্রস্তাবিত বাজেট দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বিকাশ এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, ব্যক্তি খাতে শিল্প বিকাশে সরকারের সহায়ক ভূমিকাসহ অর্থনৈতিক উন্নয়নে এবার গতিশীল বাজেট ঘোষণা করা হয়েছে।বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিদ্যমান মূল্য সংযোজন করের (মূসক) হার চার শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করার প্রস্তাব যুক্তিযুক্ত হয়েছে। চেম্বার সভাপতি বলেন, ‘চট্টগ্রামে বন্ড কমিশনারেট স্থাপন, চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি ও রপ্তানির একীভূত কার্যক্রম আগামী জুলাই থেকে শুরু করার বিষয়টি স্থান পেয়েছে বাজেটে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বেসরকারি খাতে শিল্প ইউনিট স্থাপনসহ বেশ কিছু প্রস্তাবনা গৃহীত হওয়ায় আমরা সন্তুষ্ট।’মেট্রো চেম্বার: চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট সামগ্রিক বিবেচনায় যুগোপযোগী, বাস্তবসম্মত এবং প্রশংসার দাবিদার। তবে বাজেট প্রস্তাবনার কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। তিনি বলেন, রপ্তানিকারকদের রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার আগের চেয়ে বাড়ানোর প্রস্তাব পোশাকশিল্পের রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বাজেটে ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ দুই কোটি টাকার বেশি হলে প্রদেয় করের ওপর ১০ শতাংশ হারে সার চার্জ আরোপের প্রস্তাব একটু বেশি বলে মনে করেন তিনি। বিপুল পরিমাণ অপ্রদর্শিত কালো টাকা পাঁচ শতাংশ কর প্রদানসাপেক্ষে সাদা করে শিল্পে এবং শেয়ারবাজারে বিনিয়োগের বিধান রাখলে শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো বলে তিনি মনে করেন।খলিলুর রহমান মনে করেন, বাজেটে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে যে প্রস্তাবনা করা হয়েছে তা সঠিক। উইমেন চেম্বার: চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী মনে করেন, বাজেটে নারীর উন্নয়নে বরাদ্দের কথা স্পষ্ট বলা আছে এবং এসএমই খাতে নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি আরও সহজীকরণের প্রস্তাবনা আছে। এ কারণে এবার বাজেটকে নারী উন্নয়নমুখী বলা যায়, তবে নারীবান্ধব নয়। আগামী দিনে হয়তো নারীবান্ধব বাজেটের প্রতিফলন দেখতে পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন তিনি।তিনি বলেন, এলপি গ্যাসের মূল্য কমানোর প্রস্তাব দেশে বিদ্যমান গৃহস্থালি জ্বালানি সংকট থেকে উত্তরণে সহায়তা করবে। অর্থনীতিবিদ: চট্টগ্রাম বিশবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রবীণ শিক্ষক বেগম সৈয়দা তাহেরা মনে করেন, ঘোষিত বাজেট সফল বাস্তবায়নের জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নিরাপত্তা খাতে আরও বরাদ্দ রাখার প্রয়োজন ছিল। তিনি বলেন, বাজেট প্রস্তাবে সরকারের সাহসী পদক্ষেপের মধ্যে রয়েছে তামাক ও তামাক জাতীয় দ্রব্যের ওপর কর আরোপ, মন্ত্রী-সাংসদদের করের আওতায় আনা ইত্যাদি। এ ছাড়া বিলাসবহুল দ্রব্যের আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাবও প্রশংসার দাবি রাখে। আগামী ২০১৩ সালের মধ্যে ভিক্ষাবৃত্তি বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয়। সৈয়েদা তাহেরা বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি। কৃষি খাতকে আরও উন্নত করতে হলে এ খাতের প্রতি সরকারকে আরও মনোযোগী হওয়া দরকার। এ জন্য কৃষি যন্ত্রপাতি এবং সারের ওপর বেশি পরিমাণে ভর্তুকি দিয়ে কৃষিপণ্যগুলো তাঁদের হাতের নাগালের মধ্যে রাখতে হবে।’