গত শুক্রবার বিকেলে যখন ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণ সমাবেশ চলছিল, ঠিক সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী দিবস উপলক্ষে চলছিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহীদ মিনার প্রদক্ষিণ করতেই একজন চিৎকার করে জানান দিলেন শাহবাগ থেকে ঘোষণা এসেছে। ঘোষণাটি হলো, ঢাকার বাইরে গণজাগরণ মঞ্চের প্রথম সমাবেশটি হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে সঙ্গে শোভাযাত্রা পরিণত হলো বিক্ষোভ মিছিলে। স্লোগান উঠল ‘ফাঁসি চাই ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই...’।১৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের সমাবেশ ঘিরে এখন ক্যাম্পাসজুড়ে চলছে জোর প্রস্তুতি। ক্যাম্পাসের সর্বত্র এখন এ নিয়ে আলোচনা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ঘোষণা অনুসারে ১৩ মার্চ সকাল ১১ টায় ঢাকার বাইরে প্রথম বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা সমাবেশ সফল করতে ক্যাম্পাসে বৈঠক করেছেন। বৈঠকের পর সংগঠনের নেতারা জানান, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা ও অনলাইন অ্যাকটিভিস্টরা। কেন্দ্রীয় সংগঠকদের হাতে তুলে দেওয়া হবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংগৃহীত গণস্বাক্ষরের তালিকা। সমাবেশ শেষে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল। পরে শাটল ট্রেনে নগরের লালদীঘির ময়দানের মহাসমাবেশে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মাহমুদুল হক মুন্সি প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করেছি।’ঢাকার বাইরে প্রথম বিক্ষোভ সমাবেশের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন বেছে নেওয়া হলো? এমন প্রশ্নের জবাবে মাহমুদুল হক বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় মৌলবাদী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার এ আন্দোলন ছড়িয়ে দিতে চাই।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়ছি। এ আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেব।’সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রবাল মজুমদার বলেন, ‘দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের দখলদারির ফলে বিশ্ববিদ্যালয়ে যে অগণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে, এ সমাবেশের মাধ্যমে তার সমাপ্তি ঘটবে।’সমাবেশকে ঘিরে কেমন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, প্রশ্ন করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে সমাবেশের সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’