আনোয়ারায় শিগগিরই শুরু হচ্ছে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ ডিসেম্বর থেকে আনোয়ারা ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু হয় ১৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে। সেই থেকে এই কমিটি তহবিল সংগ্রহ, সমিতির আদর্শ-উদ্দেশ্য সমপ্রচার, কার্যালয় স্থাপন, মালামাল সংগ্রহসহ নানা কাজ সম্পন্ন করে। সমিতির সদস্যদের শ্রম ও অনুদানে এই কাজ করা হয়। আনোয়ারা-কর্ণফুলী ও পার্শ্ববর্তী এলাকায় ডায়াবেটিক রোগীদের ওপর জরিপ কাজও সম্পন্ন করেছে সমিতি। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, চাতরী চৌমুহনী এলাকায় পাঁচ কক্ষবিশিষ্ট একটি ঘর নিয়ে হাসপাতালের জন্য প্রস্তুত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার জন্য একজন ডাক্তার, দুজন টেকনিশিয়ান, একজন হিসাবরক্ষক, একজন অফিস সহকারী, একজন পিয়ন ও একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। আরও একজন ডাক্তার, একজন প্রশাসনিক কর্মকর্তা অচিরেই নিয়োগ দেবে সমিতি। তা ছাড়া, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের দেওয়া ব্যবস্থাপত্র রোগীদের সরবরাহ করা হবে।জানা গেছে, এ হাসপাতালে স্বল্পমূল্যে শুধু বিভিন্ন পরীক্ষার ফি নেওয়া হবে। বিনা ফিতে চিকিৎসক ব্যবস্থাপত্র দেবেন। নিতান্ত গরিব ও অসহায় হলে একেবারে পরীক্ষাও ফ্রি করা হবে বলে উদ্যোক্তারা জানান। হাসপাতালের জন্য আনোয়ারার বিভিন্নজন বিভিন্নভাবে নানা সামগ্রী প্রদান করেছেন। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম আলী হোসেন জানান, শিগগিরই আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালটি উদ্বোধন করা হবে। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষের পথে। এটি উদ্বোধন হলে আনোয়ারা ও কর্ণফুলীর আপামর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।