আট উপজেলায় ভোট ১৯ ফেব্রুয়ারি প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি
প্রস্তুত প্রশাসন, প্রচারণা জমজমাট
চট্টগ্রামে উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটারবিহীন জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা বেশি। চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাই এবং খাগড়াছড়ির ছয়টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রশাসনের পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। সড়ক, অলিগলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। চলছে মাইকিং। প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। জমজমাট প্রচারণায় সরগরম উপজেলা।
মিরসরাই: মিরসরাইয়ে জাতীয় নির্বাচনে ভোট হয়নি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সে কারণে উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে। তবে উত্সাহের পাশাপাশি আতঙ্কও রয়েছে। এখানে ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিই ঝুঁকিপূর্ণ।
আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের অনুসারীরা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন সমানে। কেউ কেউ কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে ভোটাররা শান্তিপূর্ণ ভোট গ্রহণের ব্যাপারে আতঙ্কিত। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা ঘুরে ভোটারদের মধ্যে একটা চাপা আতঙ্ক লক্ষ করা গেছে।
তবে এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে প্রশাসন। এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য প্রস্তুতি আছে। উত্সবের আমেজে এখানে ভোট হবে। মিরসরাইয়ে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে পর্যাপ্ত। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। এ ছাড়া অতিরিক্ত কিছু সদস্যও দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা অবস্থা বুঝে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন।
এ প্রসঙ্গে মিরসরাই ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাক্রমে ইমতিয়াজ ভূঁইয়া এবং লিয়াকত আলী জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা করা দরকার পুলিশ প্রশাসন তাই করবে। শান্তি ভঙ্গকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন আওয়ামী লীগের—বর্তমান চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। আর বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন নুরুল আমিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের তিনজনই আওয়ামী লীগের। তাঁরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, ইসমত আরা ও ইয়াছমিন আক্তার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী মাইন উদ্দীন মাহমুদ। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী দুজন—বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন ও এনায়েত হোসেন।
হাটহাজারী: এখানে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রায় সম্পন্ন করেছে প্রশাসান। এই উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৬৫ হাজার ৩৯৮জন। কেন্দ্র রয়েছে ১০৬টি।
হাটহাজারীতে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইলের পাশাপাশি এখানে একই দলের পরিচয়ধারী আরও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আবুল মনছুর ও ফয়েজুল ইসলাম।
একইভাবে বিএনপিতেও রয়েছেন দুই প্রার্থী—নাজিম উদ্দিন ও মাহবুবুল আলম চৌধুরী। তাঁরা নিজেদের একক দলীয় প্রার্থী হিসেবে দাবি করে মাঠে রয়েছেন। পাল্টাপাল্টি দলীয় প্রার্থী ঘোষণায় বিএনপির কর্মীরাও রয়েছেন বিভক্তিতে।
অপরদিকে নাগরিক পরিষদের ব্যানারে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ-সমর্থিত নুরুল আবছার চৌধুরীও নির্বাচনী দৌড়ে রয়েছেন। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক দলীয় প্রার্থী রয়েছেন। নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি রাত ১২টায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে।
গত জাতীয় নির্বাচনে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনিসুল ইসলাম মাহমুদ। ভোটারদের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। এর ফলে এবার ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। নূরুল ইসলাম নামে একজন ভোটার বলেন, ‘এবার ভোট দিতে যাব। গত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি।’
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ছয় উপজেলায় প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো সদর উপজেলা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড়। এ ছয় উপজেলায় মোট তিন লাখ ১৩৮ জন ভোটার রয়েছেন।
এর মধ্যে সদর উপজেলায় ৭১ হাজার ৮১৪ জন, পানছড়িতে ৪২ হাজার ৩৭১ জন, মহালছড়িতে ৩১ হাজার ৮৫৮ জন, মাটিরাঙ্গায় ৭২ হাজার ৯৭০ জন, মানিকছড়িতে ৩৬ হাজার ৫২৫ জন ও রামগড় উপজেলায় ৪৪ হাজার ৬০০ জন ভোটার রয়েছে। কেন্দ্র রয়েছে ১৪৫টি।
খাগড়াছড়ি জেলার উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল খালেক বলেন, ছয় উপজেলার নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ রোববার শেষ হবে। নির্বাচনে যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকবে। আশা করি, কোনো ধরনের সমস্যা হবে না।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সদর উপজেলায় চারজন, পানছড়িতে চারজন, মহালছড়িতে চারজন, মানিকছড়িতে তিনজন, রামগড়ে সাতজন ও মাটিরাঙা চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।