প্রস্তুত সৈনিক পিঁপড়া এবং সশস্ত্র মৌমাছিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে—এমন খবর পাওয়ার পর থেকেই জঙ্গলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসন্ন দুর্যোগের কথা ভেবে অসংখ্য বানরকে মন খারাপ করে গাছে ঝুলে থাকতে দেখা গেছে। কী ঘটতে যাচ্ছে, সেই জটিল প্যাঁচ মেলাতে না পেরে কয়েকটি অজগর কুণ্ডলী পাকিয়ে বসে আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কিছু হায়েনা নিয়োগ দেওয়ার কথা ভাবছেন বনের সমাজকল্যাণমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘হায়েনা যেহেতু সব সময় হাসে, তাই এই পরিস্থিতিতে একমাত্র তাদের পক্ষেই হাসা সম্ভব।’
এদিকে, সভাপতি টাইগারের নির্দেশে জোরদার করা হয়েছে জঙ্গলের নিরাপত্তাব্যবস্থা। বেশ কয়েকটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে সৈনিক পিঁপড়া। বিভিন্ন মৌচাকে মৌমাছিরাও প্রস্তুত। গরানগাছে মৌমাছি ব্যাটালিয়ন কমান্ডার বলেন, ‘আমরা আমাদের ধারালো হুল নিয়ে প্রস্তুত। কেউ বিদ্যুৎকেন্দ্রের কাজ করতে বনে ঢুকলেই আমরা ঝাঁকে ঝাঁকে তাদের ওপর হামলা করব।’
মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য কেউ খালের পানিতে লাফ দিতে পারে—এই ভেবে খালের পানিতে দিন-রাত অবস্থান করছে কিছু শক্তিশালী কুমির। ঘোলা পানিতে ডুবে থাকা এক কুমির এ প্রসঙ্গে অনেক কিছু বললেও বুদ্বুদ ছাড়া আর কিছু বোঝা যায়নি।