প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম
আগামী বছর এমন দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে মাতবে দেশ। তার আগে অনেক কাজ এখনো বাকি। টি-টোয়েন্টির ভেন্যু জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিং কক্ষ বাড়ানো, আসন বাড়ানো, মাঠ সংস্কার ইত্যাদি কাজ শেষ করতে হবে। কাজও চলছে। প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম। তারই অগ্রগতি দেখতে ২১ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) প্রতিনিধিদল চট্টগ্রামে স্টেডিয়াম ও অবকাঠামোগত সুযোগ সুবিধা পরিদর্শন করেছে। ছয় সদস্যের প্রতিনিধি দলটি মূল স্টেডিয়াম ছাড়াও এম এ আজিজ স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ এবং কয়েকটি হোটেলও পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের কেউ কথা বলতে রাজি হননি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সদস্য মাহবুব আনাম ও আ জ ম নাছির উদ্দিন প্রতিনিধিদলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং নিজেদের করণীয় তুলে ধরেন। কাজের বহর কম না। দৈনিক দুইটি ম্যাচ হবে এক ভেন্যুতে। তাই দুইটি ম্যাচের জন্য চারটি ড্রেসিং কক্ষ প্রয়োজন। কিন্তু জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে ড্রেসিং কক্ষ রয়েছে দুইটি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের মাঠের পানি নিষ্কাশনব্যবস্থা ও মাঠ সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। এর বাইরে বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য করতে হবে আরও বাড়তি কাজ। ‘আমাদের ড্রেসিং কক্ষ বাড়ানো, আসন বাড়ানো এবং মাঠ সংস্কারসহ বেশকিছু কাজ করতে হবে। তাঁরা সবকিছু দেখে আমাদের নির্দেশনা দিচ্ছেন।’ বললেন মাহবুব আনাম। এম এ আজিজ স্টেডিয়াম অনুশীলনের জন্য তৈরি রাখা হবে। তবে এখানে এক দুইটি অনুশীলন ম্যাচ করতেও চাইছে স্থানীয় আয়োজক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। কিন্তু বিসিবি কিংবা সিজেকেএসের ওপর এসব নির্ভর করছে না। সবই নির্ভর করছে আইসিসির ওপর। তবে অনুশীলন ম্যাচ হোক বা না হোক এই স্টেডিয়ামটিতেও মাঠ ও অবকাঠামোগত কাজ করতে হবে।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বলেন, ‘আমাদের মাঠ ও পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি এম এ আজিজের কাজও করতে হবে। প্রতিনিধিদল এ বিষয়ে নির্দেশনা দেবে।’ আগামী অক্টোবরের মধ্যে এসব কাজ শেষ করে মাঠ আইসিসিকে বুঝিয়ে দিতে হবে। ‘আমরা অবশ্যই পারব। সরকার আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। এ ছাড়া মহিলা টি-টোয়েন্টির জন্য কক্সবাজারে এক বছরের মধ্যে স্টেডিয়াম করাও সম্ভব।’ মাহবুব আনামের বিসিবি বরাবরের মতো আশাবাদী। বাকিটা সময় বলে দেবে।কারণ, গত বিশ্বকাপ আসরের প্রস্তুতি নিয়ে নয়ছয় এখনো মনে পড়ে। ক্রিকেট বিশ্বকাপের প্রথম আয়োজক হয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে চট্টগ্রামও আয়োজক হয়েছিল। কিন্তু প্রস্তুতি নিয়ে লেজেগোবরে অবস্থা হয়েছিল তখন। খেলার দুই দিন আগে পর্যন্ত প্রস্তুতি পর্বের কাজ চলছিল। সেই আসরের শিক্ষা কতটা কাজে লেগেছে, তা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের প্রস্তুতি থেকে জানা যাবে।