প্রস্তুতিটা শুরু করতে হবে এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় হয়ে বিচারক হব—এমন ইচ্ছা অনেকেরই। সামাজিক মর্যাদা, সম্মান ইত্যাদি নানাবিধ কারণে লোভনীয় বিচারকের পেশা। আইন বিষয়ে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা যেন স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যান। মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পৌঁছে যেতে পারেন আপনিও বিচারকের চেয়ারে। বিচার বিভাগ পৃথক্করণের আগে বিচার বিভাগের জন্য সহকারী জজ নিয়োগের বাছাই পরীক্ষা নিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি সহকারী জজ পদের জন্য প্রার্থী বাছাই করত। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হলে স্থাপিত হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। কমিশন ইতিমধ্যে সহকারী জজ নিয়োগের জন্য স্বাধীনভাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার আয়োজন করে। সম্প্রতি কমিশন পঞ্চম বিজেএস পরীক্ষার মাধ্যমে ১০১ জন সহকারী জজ নিয়োগ-প্রক্রিয়া শুরু করেছে। ফলে আইন বিষয়ে ডিগ্রিধারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। তাঁদের জন্য সুযোগ এসেছে সরাসরি বিচার বিভাগের সহকারী জজ পদে নিয়োগ পাওয়ার। ৮ জুলাই থেকে আবেদনপত্র বিতরণ শুরু হয়েছিল। আবেদন ফরম বিতরণ ও জমাদান শেষ হয়েছে ২ আগস্ট। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখনই চাই ব্যাপক প্রস্তুতি।সংশ্লিস্ট সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর সহকারী জজ পদের পরীক্ষা হবে। শিগগিরই পরীক্ষার সময়সূচি জানিয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানা গেছে। বাছাই পরীক্ষাবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগ-প্রক্রিয়া বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। সহকারী জজের বাছাই ও মনোনয়ন অনেকটা পিএসসির বিসিএস পরীক্ষার মতোই। প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি) হচ্ছে এর প্রথম ধাপ। এরপর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। তবে মনে রাখতে হবে, কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই পরের ধাপের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আপনি। আর প্রতিটি পরীক্ষায় নির্ধারিত আছে কমিশন কর্তৃক ন্যূনতম পাস নম্বর। কেবল ওই ন্যূনতম নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হয়েছেন বলে ধরা হবে। প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি)প্রাথমিকভাবে আবেদন ফরম যাচাই-বাছাই করে প্রাথমিক পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং আইন বিষয়ে প্রশ্ন করা হবে। প্রাথমিক পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৬০ মিনিট। ওই পরীক্ষা বহুমুখী নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ধরনের হয়ে থাকে। এ পরীক্ষায় এবার ন্যূনতম পাস নম্বর ধরা হয়েছে শতকরা ৫৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম উত্তীর্ণ হয়েছেন সৈয়দা আমিন ফারহিন। পড়াশোনা শেষ হয় ২০০৭ সালে। তিনি ২০০৮ সালে প্রথম বিজেএস পরীক্ষা দিয়ে বর্তমানে লক্ষ্মীপুরে জেলা জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন খুব সাধারণ ধরনের হয়ে থাকে। এখানে মূলত প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞানটা যাচাই হয়। তবে গণিতের প্রশ্ন একটু ভিন্ন ধরনেরই হতে পারে। গণিতে ভালো করতে হলে এর প্রায়োগিক জ্ঞান স্পষ্ট হতে হবে। লিখিত পরীক্ষাপ্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নিতে পারবেন লিখিত পরীক্ষায়। এবারের বিজেএস লিখিত পরীক্ষা হবে ১০০০ নম্বরের। এখানে থাকবে তিনটি ক্যাটাগরির বিষয়। সেগুলো হচ্ছে আবশ্যিক সাধারণ বিষয়, আবশ্যিক আইন বিষয় এবং ঐচ্ছিক আইন বিষয়। লিখিত পরীক্ষার বিষয়সমূহে গড়ে পাস নম্বর শতকরা ৫০ পেতে হবে। তবে লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে কোনো প্রার্থী ৩০ শতাংশের কম নম্বর পেলে, তিনি কোনো নম্বর পাননি হিসেবে ধরা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা। প্রতিটি বিষয়ের জন্য একটি বিস্তারিত সিলেবাস অনুসরণ করা হয় বলে জানা গেছে। আবশ্যিক সাধারণ বিষয়আবশ্যিক সাধারণ বিষয়ের মধ্যে থাকবে চারটি বিষয়। বিষয়গুলো হলো সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। প্রতিটি বিষয় থেকে ১০০ নম্বরের জন্য প্রশ্ন হবে। চারটি বিষয়ের জন্য মোট নম্বর ৪০০। আবশ্যিক আইন বিষয়মোট নম্বর ৪০০। চারটি বিষয়ের ওপর পরীক্ষা হবে। তিন ঘণ্টা ব্যাপী প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর। আবশ্যিক আইন বিষয়গুলো হচ্ছেন দেওয়ানি মামলা-সংক্রান্ত আইন, অপরাধ আইন, পারিবারিক সম্পর্কবিষয়ক আইন ও সাংবিধানিক আইন এবং আইনের ব্যাখ্যা। ঐচ্ছিক বিষয়একজন প্রার্থীকে মোট ২০০ নম্বরের ওপর দুটি আইন বিষয়ে পরীক্ষায় বসতে হবে। এখানে একজন প্রার্থীকে ছয়টি বিষয় থেকে দুটি বিষয় বেছে নিতে হবে। বিষয়গুলো হচ্ছে: দেওয়ানি আদালত, কোর্ট ফি ও মোকদ্দমার মূল্যমান, তামাদি, স্ট্যাম্প এবং সরকারি পাওনা আদায়-সংক্রান্ত আইন; স্থাবর, অস্থাবর ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হস্তান্তর, নিবন্ধন ও সংরক্ষণ-সংক্রান্ত আইন; ভূমি, অর্পিত সম্পত্তি ও স্থাবর সম্পত্তি অধিগ্রহণ-সংক্রান্ত আইন; বাণিজ্য ও শিল্প আইন; চুক্তি ও টর্ট-সংক্রান্ত ধারণা, আইন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা, আইন ও আইনগত সহায়তা প্রদান-সংক্রান্ত আইন। মৌখিক পরীক্ষামৌখিক পরীক্ষার জন্য মোট ১০০ নম্বর নির্ধারিত থাকে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মানিকগঞ্জের জেলা জজ আদালতে কর্মরত সহকারী জজ সিকান্দার জুলকার নাইন বলেন, ‘সহকারী জজের মৌখিক পরীক্ষাটা অত্যন্ত সংক্ষিপ্ত। তাই প্রার্থীকে প্রতিটি প্রশ্নের উত্তরে অত্যন্ত বিচক্ষণ ও কৌশলী হতে হয়। প্রশ্নের বাইরে যাওয়া ঠিক নয়। বোর্ডে সাধারণত তিন শ্রেণীর সদস্য থাকেন, যার মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি, জেলা জজ পদমর্যাদার কেউ এবং কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।’ তিনি আরও জানান, তিন শ্রেণীর সদস্য থাকায় প্রশ্ন করে থাকেন বিভিন্ন ধরনের। একাডেমিক, উচ্চ আদালতের বিভিন্ন আইন ও নিম্ন আদালতের আইনের নানা খুঁটিনাটি জানতে চান। প্রার্থী কোনো পেশায় নিয়োজিত থাকলে সে সম্পর্কিত প্রশ্নও করতে পারেন বোর্ড সদস্যরা। তবে সব ধরনের প্রশ্নের মাধ্যমে প্রার্থীর আইন-সম্পর্কিত জ্ঞান, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, হাতের লেখার স্পষ্টতা, মানসিক সতর্কতা, মানসিক শক্তি, চারিত্রিক দৃঢ়তা, বাচনভঙ্গি, নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং ব্যক্তিত্বের অন্যান্য দিক মূল্যায়ন করা হয়। এ ছাড়া তাঁর পাঠ্যক্রমবহির্ভূত ক্রিয়াকলাপ, যেমন—খেলাধুলা, বিতর্ক এবং শখের বিষয়টিও বাদ যাবে না আপনার। একটি বিষয় মনে রাখতে হবে, আপনাকে মৌখিকের জন্য ইংরেজিতে ভালো হতে হবে। কারণ, সদস্যদের অনেকেই প্রশ্ন করেন ইংরেজিতে। সে ক্ষেত্রে আপনাকে উত্তরও করতে হবে ইংরেজিতে। এ সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্রও দেখা হবে। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় ৫০ নম্বরের কম পেলে উত্তীর্ণ হবেন না। স্বাস্থ্য পরীক্ষালিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ড অথবা মনোনীত কোনো চিকিৎসা কর্মকর্তার সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীর ওজন, উচ্চতা, দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ সময় তিনি কোনো সংক্রামক রোগে আক্রান্ত নন, এ মর্মে কোনো মেডিকেল অফিসার কর্তৃক সনদ উপস্থাপন করবেন। তবে স্বাস্থ্য পরীক্ষার সফল সমাপ্তি কোনো প্রার্থীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চাকরির নিশ্চয়তা দেয় না বলে জানা যায় সচিবালয়সংশ্লিষ্ট সূত্রে। যাঁদের যোগ্যতা আছে, তাঁরা অবশ্যই আবেদন করেছেন। তবে শুধু আবেদন করলেই হবে না, সঙ্গে নিতে হবে ব্যাপক প্রস্তুতিও। তাই এখন থেকেই শুরু করে দিন, প্রতিযোগিতামূলক এই বাছাই পরীক্ষার জন্য প্রস্তুতিটাও।