প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলায় চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ লাইনস স্কুল ৫১ রানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুল। জবাবে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭২ রান। ৭৫ বলে ৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন পুলিশ লাইনস স্কুলের সাকিব হোসেন। চার ম্যাচে ৫৭ রান ও ১০ উইকেট সংগ্রহ করে ম্যান অব দা টুর্নামেন্ট হন একই বিদ্যালয়ের মোহিম উদ্দিন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ ওহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আজিম-উল-হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা।