পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৫ উপজেলায় সাড়ে তিন হাজার প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অধীনে তিন হাজার ৫০০ পাড়াকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই শিক্ষাকার্যক্রম চলছে। সমপ্রতি খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা জয়েন্ট মনিটরিং ও সমন্বয় কমিটির সভায় জাতীয় পতাকা নিয়ে আলোচনা হয়। পরে সবার দাবির মুখে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হয়। সভায় দীঘিনালা উপজেলার ১৮০টি পাড়াকেন্দ্রে এপ্রিল থেকে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়।জানা গেছে, ১৯৮১ সালে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চালু হয়। প্রকল্পের মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়ন ও শিশুদের প্রাথমিক বিদ্যালয়মুখী করা। প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলায় এক হাজার ২৫৮টি, রাঙামাটি জেলায় এক হাজার ৩৪২টি এবং বান্দরবান জেলায় ৯০০টিসহ মোট সাড়ে তিন হাজার প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র রয়েছে। এসব বিদ্যালয়ের নিজস্ব ঘরও রয়েছে। এসব প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে সরকারি নিয়ম ও কর্মসূচি পালন করা হলেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। শিক্ষাকেন্দ্রের সামনে পতাকা উত্তোলনের কোনো নির্ধারিত স্থান (ফ্ল্যাগ স্ট্যান্ড) নেই। গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা জয়েন্ট মনিটরিং ও সমন্বয় কমিটির সদস্য, প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা দীঘিনালা উপজেলার বাবুছড়া দাদন কার্বারিপাড়া কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা, উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা ও শতরূপা চাকমা জাতীয় পতাকা উত্তোলনের দাবির প্রতি সমর্থন জানান। সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লোকমান হাকিম ও ইউনিসেফ খাগড়াছড়ির কর্মসূচি কর্মকর্তা উম্মে হালিমা বলেন, ‘পাড়াকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের দাবি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটির সভায় উত্থাপন করব। আশা করি, একটি সিদ্ধান্ত আসবে।’অপর দিকে, দীঘিনালা উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়ক মো. মতিউর রহমান জানান, দীঘিনালার ১৮০টি পাড়াকেন্দ্র পরিচালনা কমিটি জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। ১ এপ্রিল থেকে পাড়াকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।