প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে মিরসরাইয়ের দেড় লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উপকূলীয় উপজেলা মিরসরাইয়ের দেড় লাখ মানুষ। ১৬ ইউনিয়নের সাড়ে চার লাখ মানুষের জন্য বর্তমানে মাত্র ৭৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। কিন্তু মিরসরাই রেড ক্রিসেন্ট সোসাইটি জরিপ চালিয়ে দেখেছে জনসংখ্যা অনুযায়ী এ উপজেলায় আরও ৩১৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। তা না হলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না উপজেলার প্রায় দেড় লাখ মানুষ। এসব মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে উপকূলীয় এলাকায় বাস করছে।উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মিরসরাইয়ে যে পরিমাণ আশ্রয়কেন্দ্র রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য তা পর্যাপ্ত নয়। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ এক হাজার মানুষ (আশ্রয়কেন্দ্রে ধারণক্ষমতা সাত-আট শ মানুষের) আশ্রয় নেওয়ার মতো আরও ৩১৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। সে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকায় গবাদিপশুর আশ্রয়ের জন্য অন্তত ২০টি মাটির কেল্লা জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন। জানা গেছে, উপজেলায় উপকূলীয় ও পাহাড়ি এলাকায় হাজার হাজার মানুষ চরম ঝুঁকির মধ্যে বাস করছেন। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় প্রাকৃতিক দুর্যোগে এসব মানুষ খোলা আকাশের নিচে অথবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নেন। গত ৪ জুন উপজেলার করেরহাট ইউনিয়নে টর্নেডোর আঘাতে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু ওই এলাকায় আশ্রয়কেন্দ্র না থাকায় প্রায় দুই হাজার মানুষকে ঝড়-বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে রাতযাপন করতে হয়েছে।উপজেলা রেড ক্রিসেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাই রেড ক্রিসেন্ট সোসাইটিতে পর্যাপ্ত সরঞ্জাম নেই। সোসাইটির বিভিন্ন সরঞ্জাম পুরোনো হয়ে গেছে। এ অবস্থায় নতুন সরঞ্জাম কেনাও জরুরি। উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের আগমূহূর্তে জনসাধারণকে সচেতন করতে উপজেলার ১০টি উপকূলীয় ইউনিয়নে ৭৮টি ইউনিটে এক হাজার ১৭০ জন স্বেচ্ছাসেবী কাজ করেন। কিন্তু তাঁদের বেতারযন্ত্র (রেডিও), উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসা ব্যাগ, টিপবাতিসহ বিভিন্ন সরঞ্জাম পুরোনো হয়ে গেছে। এ ছাড়া যেসব সরঞ্জাম রয়েছে জনসংখ্যার তুলনায় তা-ও অপ্রতুল।’ বিষয়টি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ঢাকা) বরাবর একটি প্রতিবেদনও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম। রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী করেরহাট ইউনিয়নে ৩১টি, হিঙ্গুলী ইউনিয়নে ৩৪টি, জোরারগঞ্জ ইউনিয়নে ৩৬টি, ধুম ইউনিয়নে ১২টি, ওসমানপুর ইউনিয়নে ১০টি, ইছাখালী ইউনিয়নে ১৩টি, কাটাছড়া ইউনিয়নে ১৭টি, দুর্গাপুর ইউনিয়নে ২১টি, ৯ নম্বর সদর ইউনিয়নে ২৬টি, মিঠানালা ইউনিয়নে ২০টি, মঘাদিয়া ইউনিয়নে ১৫টি, খইয়াছড়া ইউনিয়নে ২৬টি, মায়ানি ইউনিয়নে ১২টি, হাইতকান্দি ইউনিয়নে ১৩টি, ওয়াহেদপুর ইউনিয়নে ২০টি ও শাহেরখালী ইউনিয়নে নতুন সাতটিসহ মোট ৩১৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন জরুরি।উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, মিরসরাইয়ে পূর্ণাঙ্গ আশ্রয়কেন্দ্র আছে দুইটি। এগুলো তৈরি করেছিল রেড ক্রিসেন্ট বিভাগ। বাকিগুলো হচ্ছে আশ্রয়কেন্দ্র-কাম প্রাথমিক বিদ্যালয়। ওগুলোতে পানি সরবরাহ, শৌচাগার, বিদ্যুৎ সমস্যাসহ পুরুষ মহিলা আলাদা থাকার ব্যবস্থা নেই। মাটির কেল্লা প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী জানান, প্রতিটি কেল্লা তৈরি করতে প্রায় এক একর জমি প্রয়োজন। তাই শুধু কেল্লা তৈরি না করে কেল্লা-কাম আশ্রয়কেন্দ্র করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে জানান, তাঁর এলাকায় পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রয়োজন। তিনি জানান, পুরোনো আশ্রয়কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও পানির কোনো ব্যবস্থা নেই। ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, তাঁর এলাকায় জনসংখ্যা অনুযায়ী আরও ছয়টি আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি।উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক জানান, ‘১৯৯১ সালের পর নতুন কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি। উপজেলার উপকূলীয় এলাকায় জরুরি ভিত্তিতে কিছু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন।’ ইতিমধ্যে এ রকম একটি তালিকা উপজেলা প্রকৌশলী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান।স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, ‘নতুন কোনো বরাদ্দ না হলেও যত দ্রুত সম্ভব আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনিও জনসংখ্যা অনুযায়ী আরও আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।