প্রাকৃতিক রঙে বৈশাখী আয়োজন
ফ্যাশন হাউস অরণ্য মানেই প্রাকৃতিক রং। এ আর নতুন কী। সব সময়ের মতো তাদের পয়লা বৈশাখের পোশাক আয়োজনেও থাকছে এই প্রাকৃতিক রঙের ছোঁয়া। তবে এবার নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রাধান্য পেয়েছে লাল রঙের বাহার। অরণ্য থেকে জানানো হয়, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজে ফুটিয়ে তোলা হয়েছে বৈশাখী আমেজ। লাল রংকে প্রাধান্য দেওয়া হলেও নীল, সবুজ, খয়েরি, সাদা রংও খুঁজে পাওয়া যাবে পোশাকগুলোতে।’ শুধু রঙের ক্ষেত্রেই প্রকৃতি প্রাধান্য পায়নি, নকশার ক্ষেত্রেও গুরুত্ব পেয়েছে ফুলেল মোটিফ। এ ছাড়া বর্ণমালার ছাপা নকশাও গুরুত্ব পেয়েছে শাড়িতে। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে তাঁত, ক্রেপ সিল্ক, বলাকা সিল্ক। অরণ্যের পোশাকের সম্ভারে আছে দুই বছর থেকে শুরু করে ১০ বছরের শিশুদের সালোয়ার-কামিজ। আছে মেয়েদের সালোয়ার-কামিজের পাশাপাশি ট্রেন্ডি কুর্তা ও ফতুয়া। এই পোশাকগুলোর নকশায় তুলে ধরা হয়েছে বৈশাখী উৎসবের আমেজ।