প্রাকৃতিক রঙে রঙিন উৎসব
পেঁয়াজ, হরীতকী, কাঁঠাল, চায়ের লিকার, খয়ের, নীলসহ আরও নানা উপাদান। বিশেষত্ব হলো—সবই প্রাকৃতিক। সাধারণ এসব উপাদান দিয়েই তৈরি হয় অসাধারণ প্রাকৃতিক রং। এগুলো চোখের সামনে দেখার সুযোগ পাবেন ‘রঙিন উৎসবে’। ফ্যাশন হাউস অরণ্য-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে এই প্রর্দশনীর। প্রবেশমুখেই চোখে পড়বে তাঁতে সুতাকাটা। একটু এগোলেই দেখবেন, কীভাবে প্রকৃতির নানা উপাদান ব্যবহার করে রং তৈরি করা হচ্ছে। সেটি দিয়ে কাপড়ে ব্লকপ্রিন্ট নকশা করছেন কারুশিল্পীরা। এরপর মুগ্ধতার রেশ নিয়ে ঢুকে পড়বেন মূল কক্ষে। সেখানে সাজানো হয়েছে দেশ-বিদেশের নানা বিখ্যাত কারুশিল্প, যেগুলো যুগ যুগ ধরে তাঁরা সংগ্রহ করেছেন। তাঁদের ব্যক্তিগত সংগ্রহগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে আছে চীনের ১০ স্তরের জ্যাকেট, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রিন্টের পোশাক, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার স্কার্ফ, সাড়ং। ভারতের নানা প্রদেশের পোশাক পাবেন। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বাংলাদেশের এতিহ্যবাহী জামদানি। নান্দনিক সব কারুকাজের নকশা করা জামদানি এখানে প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া ২০ বছর আগের নকশিকাঁথা, প্রাকৃতিক রঙের স্কার্ফ, শাড়ি এই প্রদর্শনীতে দেখতে পাবেন। অরণ্যর প্রতিষ্ঠাতা রুবী গজনবী বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে প্রাকৃতিক রং নিয়ে কাজ করছি। অনেকেই ভাবেন, এটি পাকা রং নয়। কিন্তু যাঁরা ব্যবহার করেন তাঁরা জানেন আসল বিষয়টি। অরণ্যকে আরও এগিয়ে নিতে একে প্রসারিত করতে হবে। সেই চেষ্টা করছি, যাতে সবাই প্রাকৃতিক রঙের পোশাক পরেন, এই মাধ্যমকে আরও উন্নত করেন।’ ১৪ জানুয়ারি নয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ব কারুশিল্প পরিষদের সভাপতি ঊষা কৃষ্ণ এবং বিশ্ব কারুশিল্প পরিষদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি সুরাপি রোযানাভংসে। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজাইনার চন্দ্রশেখর সাহা। কারুশিল্পে বিশেষ অবদানের জন্য অরণ্যের পক্ষ থেকে তিনজন কারুশিল্পী—লতিফা বেগম, কুন থ্রি ম্রো ও হোসেন আহমেদকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকার কর্মশালা অনুষ্ঠিত হয়। উৎসব ও প্রদর্শনী চলবে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।