প্রাক্-প্রাথমিক শিক্ষা পাবে দেড় লাখ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপা চাকমার বয়স তিন কি চার। হাত না ধুয়ে খাবার খেলে কী হয় প্রশ্ন করতেই, নিপার উত্তর পেট খারাপ করে। রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বড়দোনা পাড়াকেন্দ্রের শিক্ষার্থী নিপা ও তার সহপাঠীরা গান, কবিতা আবৃত্তি, ছড়া সবই জানে। সুবিধাবঞ্চিত এই শিশুদের মতো পার্বত্য চট্টগ্রামের দেড় লাখ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে।সম্প্রতি বড়দোনা পাড়াকেন্দ্রসহ বেশ কয়েকটি পাড়াকেন্দ্র ঘুরে আশাব্যঞ্জক চিত্র দেখা গেছে। পাড়াকেন্দ্রগুলো সক্রিয় থাকায় পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকার শিশুরা এখন শিক্ষার সুযোগ পাচ্ছে।জানা গেছে, বর্তমানে তিন পার্বত্য জেলায় তিন হাজার ৫০০ পাড়াকেন্দ্রে ৬৬ হাজার ৩০০ ছাত্রছাত্রী প্রাক-শিক্ষার সুযোগ পাচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) মাধ্যমে এসব পাড়াকেন্দ্র পরিচালিত হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে আরও ৫০০ পাড়াকেন্দ্র স্থাপনের মাধ্যমে এক লাখ ৫২ হাজার শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। ১৯ নভেম্বর রাঙামাটিতে অবস্থিত আইসিডিপি ভবনে গণমাধ্যমের কর্মীদের সামনে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। তাঁরা জানান, ১৯৮৫ সালে শুরু হওয়া আইসিডিপির প্রথম পর্যায়ে তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলার ৮০০ পাড়ার এক হাজার ৮০০ পরিবার এবং ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে তিন হাজার ৫০০টি পাড়ার এক লাখ ৩৮ হাজার ৭১৭টি পরিবার সুবিধাভোগী ছিল। সম্প্রতি শুরু হওয়া প্রকল্পের তৃতীয় পর্যায়ে ২০১৭ সাল পর্যন্ত তিন থেকে পাঁচ বছর বয়সী আরও এক লাখ ৫২ হাজার শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। প্রত্যন্ত এলাকার এ সুবিধাভোগীদের মধ্যে ৭০ ভাগ আদিবাসী ও ৩০ ভাগ বাঙালি পরিবার রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আইসিডিপির কর্মকর্তারা জানান, পার্বত্য চুক্তি অনুযায়ী প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাঙামাটিতে একটি ও বান্দরবানে তিনটি আবাসিক বিদ্যালয় থেকে স্বল্প জনসংখ্যার আদিবাসী সম্প্রদায়ের এক হাজার ৩৫৭ জন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছে। যাদের পড়াশোনা, চিকিৎসা ও খাবারের সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হয়েছে প্রকল্প থেকে।তবে কর্মকর্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষেও যেন পাড়াকেন্দ্রগুলো স্থানীয় লোকজন পরিচালনা করতে পারেন, সেজন্য তাঁদের সক্ষমতা বাড়াতে তৃতীয় পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।