প্রাক্তন চেয়ারম্যানদের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার তিনটি ইউনিয়নে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ১৫ জুন ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই ইউনিয়নে আগের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নে পুরোনো চেয়ারম্যানকে হারিয়ে নবাগত একজন নির্বাচিত হন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মর্তুজা জানান, ৩ নম্বর চিৎমরম ইউনিয়নে দুই ভায়রা ভাইয়ের লড়াইয়ে সাবেক চেয়ারম্যান থোয়াইচিং মারমার জয় হয়েছে। তিনি এক হাজার ৬৫২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ও নিকটাত্মীয় থুই চাই প্রু মারমা পান এক হাজার ২২ ভোট। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নে ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মো. আবদুল লতিফ তিন হাজার ১৬৭ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মো. মহির উদ্দিন পান দুই হাজার ৪৫৩ ভোট। ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা এক হাজার ৪৯০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল আলম পান এক হাজার ৪৪৯ ভোট।উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। নারীরা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, ব্যালট পেপারে সিল মারার পর মোবাইলে ছবি তোলার সময় কাপ্তাই ইউনিয়নের নিউমার্কেট প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ছাড়া সার্বিক নির্বাচন পরিস্থিতি ছিল শান্ত। নির্বাচন প্রত্যক্ষ করতে রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও জেলা পুলিশ সুপার মাসুদ উল হাসান কাপ্তাইয়ে আসেন বলে প্রশাসনসূত্রে জানা গেছে। এদিকে, ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের একাধিক দুর্গমকেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ভোট গ্রহণকে অস্বাভাবিক দাবি করেন সফিউল আলম। তিনি মুরালিপাড়া, পাগলীপাড়া, দেবতাছড়িসহ আরও একাধিক কেন্দ্রের ভোট গ্রহণকে চ্যালেঞ্জ করে গত ১৬ জুন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন বলে প্রথম আলোকে জানান।