প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় মধুর স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের ভেতরের প্রাঙ্গণে ঢুকেই পুরোনো বন্ু্লদের হাতে হাত মেলানো আর উচ্ছ্বাসে জড়িয়ে ধরে কোলাকুলি। তারপর কুশলাদি জিজ্ঞাসা। কেমন আছিস, কী করছিস, বিয়ে করেছিস কোত্থেকে, ছেলে-মেয়ে কয়জনসহ এমনি আরও কত রকমের প্রশ্ন আর আলাপ-আলোচনা। নগরের পাহাড়তলীতে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ৮৮ এবং ৮৯ সালের দুটি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের দৃশ্য এটি। ২৪ জুন ছিল এসব প্রাক্তনদের মিলনোৎসব। দীর্ঘ ২৩ বছর পর তাঁরা এ বিদ্যালয়ে এসে মিলিত হয়েছেন। এ জন্য আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের। এঁদের কেউ হয়েছেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা ব্যবসায়ী আবার কেউ বা রাজনীতিবিদ, সেনাবাহিনীর মেজর। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন এ বিদ্যালয়েরই আরেক প্রাক্তন ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মো. খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হুদা। বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠানের। স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয় জীবনের নানা রঙিন স্মৃতির কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘ক্লাস চলার সময় পাঠ্যবইয়ের আড়ালে লুকিয়ে কত যে গোয়েন্দা বই পড়েছি তার কোনো হিসাব নেই। স্কুল পালিয়ে রেলওয়ে কর্মকর্তার বাসভবনে গিয়ে বরই চুরি করে খেয়ে প্রধান শিক্ষকের বেত্রাঘাত পেয়েছি। কিন্তু তবুও লেখাপড়ার মান ছিল ভালো। এ বিদ্যালয়ের বহু শিক্ষার্থী প্রশাসনিক, ব্যবসায়িক বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছেন।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কথা উল্লেখ করেন। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফলাফলের একটি চিত্র তুলে ধরেন, যেখানে পাসের হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ে পাসের হার বেড়েছে ঠিকই কিন্তু শিক্ষার গুণগত মান বাড়েনি। দুপুরে মধ্যাহ্নভোজের পর চলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান পরিবেশনের পাশাপাশি চলে স্মৃতিচারণ। জনপ্রিয় সব গানের তালে তালে নেচে গেয়ে কৈশোরে ফিরে যান উপস্থিত সবাই। বিদ্যালয়ের মধুর স্মৃতির কথা বলতে গিয়ে ব্যবসায়ী মীর্জা তৌফিকুর রহমান বলেন, ‘বাস্তবতাকে মেনে নিয়ে অনেক স্মৃতিই ভুলে যেতে বসেছি। ব্যস্ততার জন্য অনেক বন্ধুই অনুষ্ঠানে আসতে পারেনি আজকে। এখানে এসে আবার সব স্মৃতি মনে পড়ছে। একদিন টিফিনের ফাঁকে বন্ধুর ফেলে দেওয়া বিস্কুট তুলে খেয়েছি। এসব স্মৃতি মনে পড়লে চোখ ভিজে যায়।’