প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া আবদুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ১৮ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।

প্রধান অতিথি থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোয়ায়মান, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম।

উৎসবে সাংস্কৃতিক আয়োজনে থাকবে রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সংগীতশিল্পী রবি চৌধুরীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান। থাকবেন কবি ইউসুফ এবং তাঁর দলের পরিবেশনায় কবি গান।

শতবর্ষ উৎসব কমিটির মহাসচিব এ টি এম রফিকুল হক বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৩ সালে শত বছর পূর্ণ করেছে। গত বছর ১৮ মার্চ দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় এ আয়োজন।