প্রাঙ্গণে আজ সুরের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে শিল্পী রুবেল চৌধুরী ও বৈশাখী নাথের দ্বৈত সংগীতানুষ্ঠান ‘প্রাঙ্গণে আজ সুরের ছোঁয়া’ দর্শকশ্রোতাদের মুগ্ধ করেছে। ১৪ মার্চ সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তরুণ দুই শিল্পী তাঁদের পরিবেশনা দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সংগীতপ্রেমীদের। বৈশাখী নাথের কণ্ঠে ‘একটু ছোঁয়া লাগে’ রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপরই ছিল রুবেল ও বৈশাখীর দ্বৈতকণ্ঠের গান ‘তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সিসিএলের চেয়ারম্যান শ্যামল পালিত, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ এবং প্রবীর মহাজন। অনুভূতি ব্যক্ত করেন শিল্পীদ্বয়ের সংগীতশিক্ষক সংগীতশিল্পী সুব্রত দাশ অনুজ। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জীবন সংগ্রামের কঠিন বাস্তবতার মধ্যে যাঁরা সংগীত সাধনায় ব্রত হয়েছেন বা হচ্ছেন, তাঁরা সব সময় আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবেন।’ বৈশাখী এরপর একে একে পরিবেশন করেন ‘যেভাবে তুমি সকাল দেখ’, ‘মধুমালতি’, ‘তুমি মিষ্টি করে দুষ্টু বল’, ‘যারে উড়ে যারে পাখিসহ’ বেশ কিছু গান। দুজনে দ্বৈত কণ্ঠে গেয়ে শোনান কিছু হারানো দিনের ও বর্তমান সময়ের জনপ্রিয় গান। দ্বৈত পরিবেশনার পর শুরু হয় রুবেলের একক পরিবেশনা। তিনিও শুরু করেন রবীন্দ্রসংগীত দিয়ে। পরিবেশন করেন আটটি গান।