প্রাঙ্গণে আজ সুরের মেলা
একজন নজরুলসংগীতের খ্যাতিমান শিল্পী ফেরদৌস আরা। অন্যজন প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। দ্বৈতকণ্ঠে সুরের মায়া ছড়িয়ে দিলেন দুজন ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’ গানটি দিয়ে। তন্ময় হয়ে শুনছেন দর্শক-শ্রোতা। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ‘প্রাঙ্গণে আজ সুরের মেলা’ শীর্ষক অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন দুই শিল্পী। ৩ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন ছিল আনন্দের ৬১তম প্রযোজনা।অনুষ্ঠানে দুই শিল্পীকে সম্মাননা জানানো হয়। তাঁদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র। সিরাজুল ইসলামের কণ্ঠে ‘যাক না নিশি’, ‘শূন্য এ বুকে’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম’, ‘মোর প্রিয়া হবে’, ‘নন্দন বন হতে’ গানগুলো ভালো লেগেছে। ফেরদৌস আরার জাদুকরী কণ্ঠে ‘পথহারা পাখি’ ও ‘চমকে চমকে’ গান দুটি ছিল অসাধারণ। এ ছাড়া তিনি কীর্তন, শ্যামাসংগীতসহ পাঁচ-ছয়টি গান করেন। দ্বৈতকণ্ঠে ‘মোরা আর জনমে হংস মিথুন’ গানটি ছিল মনে রাখার মতো।সুন্দর অনুষ্ঠানটি আরও সুন্দর হয়েছে যন্ত্রীদের পরিশীলিত বাজনাতে। এ দলে ছিলেন দেবু চৌধুরী ও লিটন মিত্র (তবলা), সৃজন রায় (কি-বোর্ড), জুয়েল দাশ (অক্টোপ্যাড) ও মো. মুনির (বাঁশি)।