প্রাণ গেল সজারুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আদাখেতে হঠাৎ ঢুকে পড়েছিল এক সজারু। এতে খেতের কিছু অংশে চারা নষ্ট হয়। আর সেই অপরাধে চাষির দা-এর কোপে প্রাণ গেল ওই সজারুর। গত শনিবার এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের সীমান্তবর্তী এলাকা। আদাচাষি এ নিরীহ বন্য প্রাণীটিকে হত্যা করেছে বলে শুনেছি। তাঁকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে।’অভিযোগ রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ে কয়েক বছর ধরে আদা চাষ বেড়েছে। এতে পাহাড় ন্যাড়া হয়ে পরিবেশ বিপর্যয় হচ্ছে। আর নিহত হচ্ছে বন্য প্রাণী। এ নিয়ে গত চার বছরে বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের হাতে দুটি সজারু ও একটি হরিণ প্রাণ হারায়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘সজারু একটি মাংসাশী প্রাণী। একসময় আমাদের দেশে এ প্রাণী প্রচুর দেখা পাওয়া যেত। বর্তমানে এর সংখ্যা খুব কম। ব্যাপক হারে নিধনের ফলে সজারুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে।’ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, ‘মূলত এ প্রাণী বনে বাস করে। একসময় গ্রামে প্রায় পরিবারের বসতভিটার সঙ্গে ছোট ছোট বন ছিল। বর্তমানে এ ধরনের বন নেই। সজারু বিলুপ্ত হওয়ার এটাও একটা অন্যতম কারণ।’