প্রাণ জুড়াবে বাঁশখালীর তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় গন্ডামারা, সরল, বাহারছড়া এলাকার চরে তরমুজের ব্যাপক ফলন হয়েছে। তবে যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ও হিমাগার না থাকার কারণে চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। পাহাড়ি তরমুজের চেয়ে সমুদ্রচরের তরমুজ মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এর চাহিদা ব্যাপকহারে বাড়ছে। স্থানীয় বাজারগুলোতে ন্যূনতমমূল্যে চরের তরমুজ বিক্রি হচ্ছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তৃত পাহাড়ি এলাকা শেখেরখীল, পুকুরিয়া, কালীপুর, বৈলচড়ি, সাধনপুর, বানীগ্রাম, পূর্ব জলদি, চাম্বল, পুঁইছুড়িতে দীর্ঘদিন ধরে তরমুজের চাষ হয়ে আসছে। বাঁশখালীর তরমুজ গাঢ় লাল ও খেতে মিষ্টি হওয়ায় এবার ভালো দাম পাওয়া যাবে বলে চাষিরা আশা করছেন। কয়েক বছর ধরে সমুদ্র উপকূলের চরে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। সরল, গন্ডামারা, বাহারছড়া, এলাকার শতাধিক চাষি তরমুজের চাষ করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। বাহারছড়া রতনপুর এলাকার চাষি মোহাম্মদ সেলিম জানান, দুই বছর আগে কৃষি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে তরমুজ চাষ করে বর্তমানে তিনি লাখপতি। গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আরিফউল্লাহ বলেন, ‘আমার ইউনিয়নে সমুদ্রচরে ব্যাপক তরমুজের চাষ হচ্ছে। তবে চাষিদের প্রশিক্ষণ এবং সরকারিভাবে ঋণ দিয়ে সহযোগিতা করলে আগামীদিনে তরমুজ চাষের ব্যাপকতা বাড়বে। বাঁশখালীর সমুদ্রচরের তরমুজ এখন দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। চরের তরমুজের দাম বেশি হওয়ায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।’ তবে স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁশখালী কৃষি কার্যালয়ের কোনো সুযোগ-সুবিধা তাঁরা এখনো পাননি। স্থানীয় কৃষি কার্যালয় ও প্রশাসনের বড় ধরনের কোনো সুযোগ-সুবিধা পেলে তরমুজ চাষের মাধ্যমে এ অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব বলে কৃষকেরা মনে করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল বলেন, ‘উপকূলীয় এলাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতায় কৃষি উপসহকারীরা নিয়োজিত ছিল।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, বাঁশখালী উপকূলে তরমুজের ভালো ফলন হয়েছে। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ও হিমাগার না থাকায় তরমুজের ন্যায্যমূল্য পাচ্ছেনা চাষিরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সাহায্য সহযোগিতা করা হয়েছে। বাঁশখালী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (পৌরসভা মিয়াবাজার শাখা) মীর কাশেম আলী জানান, বাঁশখালীর প্রত্যেক কৃষক ও সবজি চাষির মাঝে ঋণ দেওয়ার জন্য সরকারিভাবে নির্দেশনা রয়েছে এবং আমরা চাষিদের পর্যাপ্ত পরিমাণ ঋণ বিতরণ করেছি।