‘বিশ্ববিদ্যালয় খুলেছে গত রোববার। এখনো চারদিকে থমথমে পরিবেশ। পুরো ক্যাম্পাস যেন নিষ্প্রাণ। প্রিয় ক্যাম্পাসকে একেবারে অচেনা মনে হচ্ছে।’ কলা অনুষদের ঝুপড়িতে বসে আক্ষেপের সঙ্গে কথাগুলো বললেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইফতেখার উদ্দিন। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে ছাত্রসংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর ক্ষতির দায় বহন করতে হয় আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের।’ ইফতেখারের সঙ্গে যোগ দেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রসূন চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইরফানুল হকসহ আরও কয়েকজন।হতাশ কণ্ঠে তাঁরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পর চার দিন পার হয়ে গেল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখনো স্বাভাবিকভাবে শুরু হয়নি। কবে পুরোদমে শ্রেণী কার্যক্রম শুরু হবে, তাও জানি না। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।’ তাঁরা এ পরিস্থিতি নিরসনের দাবি জানিয়েছেন। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে টানা ৩৮ দিন বন্ধ থাকার পর গত রোববার ক্যাম্পাস খোলে। তবে প্রথম দিন থেকেই চার দফা দাবিতে ছাত্রধর্মঘট পালন করছে ছাত্রশিবির। এতে পুরো ক্যাম্পাসজুড়ে রয়েছে চাপা উত্তেজনা।সাধারণ শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাঁরা অপেক্ষায় আছেন ক্যাম্পাস কখন প্রাণ ফিরে পাবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম থাকে। তবে কয়েক দিন পার হওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করবে। তখন ক্যাম্পাসে প্রাণ ফিরে আসবে। আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’এদিকে বিশ্ববিদ্যালয় খোলার চার দিন পরও ক্যাম্পাসের আড্ডায়ও প্রাণ ফিরে আসেনি। শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতির কারণে প্রায় নীরব রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কলা অনুষদের ঝুপড়ি। একই অবস্থা জারুলতলা, মুক্তমঞ্চ, গ্রন্থাগার চত্বর, বুদ্ধিজীবী চত্বর, সুনামি গার্ডেনসহ বিভিন্ন আড্ডাস্থলের। বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও নির্ধারিত সময় যাতায়াত করছে। কিন্তু বগিগুলোতে বসে না গানের আসর। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরদিন হল ত্যাগের নির্দেশ দেয় এবং ১৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। কিন্তু হলগুলোতে শিক্ষার্থীদের ওঠার হার একেবারে কম। অধিকাংশ শিক্ষার্থী এখনো হলে ওঠেননি। আবার হল খোলার প্রথম দিনেই শাহ আমানত হলে মুখোমুখি অবস্থান নেন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ওই দিন দুপুরে এ হলটি সিলগালা করে কর্তৃপক্ষ। এ কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ে। অনেকে আবার হল ছেড়ে চলে যান। এদিকে হল খোলার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে সাতজন এবং বেগম খালেদা জিয়া হলে মাত্র চারজন ছাত্রী নিজেদের আসনে ওঠেন বলে জানা গেছে।প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে কিছুদিনের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করবে। সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী বারেক কায়সার বলেন, ‘অন্যত্র থাকার কোনো সুযোগ নেই। তাই হলে থাকতে হচ্ছে। অথচ পুরো হলজুড়ে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই নেই বললেই চলে।’