প্রাণ ফিরে পেল চুয়েট ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার প্রাণ ফিরে পেল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। ক্যাম্পাসের গোলচত্বর, ক্যানটিন, পুকুরঘাট, কাশেম মামার দোকান, কেন্দ্রীয় মাঠের পাশের সড়ক এখন মুখর হয়ে উঠেছে চিরচেনা আড্ডায়।উপাচার্য নিয়োগের দাবিতে গত ৪ মার্চ থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছিল চুয়েট শিক্ষার্থীরা। লাগাতার ৩৪ দিন ক্লাস বর্জন কর্মসূচি শেষে ৮ এপ্রিল থেকে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। তবে ক্লাস শুরু হয় একদিন পর। কারণ দর্শিয়ে ক্লাস শুরুর আবেদন না করায় প্রথম দিন ক্লাস নেননি শিক্ষকেরা। পরে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল থেকে শুরু হয় ক্লাস।প্রথম কয়েক দিন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। এখন ক্লাস চলছে পুরোদমে। ক্লাসের ফাঁকে ফাঁকে জমে উঠেছে আড্ডা। তেমনই এক আড্ডায় ব্যস্ত তড়িৎ কৌশল বিভাগের তৌফিক আহমেদ, পুরকৌশল বিভাগের শাহানুর ফেরদৌস, নাঈমুল ইসলাম আর সাইফ উদ্দিন। তাঁরা বলেন, ‘এক মাসের বেশি সময় পর আবার ক্যাম্পাসে এলাম। সব বন্ধুদের সঙ্গে দেখা হলো। কী যে ভালো লাগছে! অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারব না।’ ক্যানটিনে এক আড্ডায় তড়িৎকৌশল বিভাগের মজনুজ্জামান বলেন, এই এক মাস বন্ধুদের সঙ্গে মুঠোফোনে কথা হলেও সামনাসামনি দেখা হওয়ার মজাটা একটু অন্য রকম। তাই দীর্ঘ সময় আড্ডার পরও যেন কথা শেষ হচ্ছে না। এক মাসের বেশি সময় স্থবিরতা কাটিয়ে আবারও নতুন উদ্যোমে চুয়েটের বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম শুরু করেছে। বিকেলে গ্যালারির সামনে ও কেন্দ্রীয় মাঠে নিয়মিত বসছেন চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি, বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি, পরিবেশ ও মানবতাবাদী সংগঠন গ্রিন ফর পিসের সদস্যরা।আবাসিক হলগুলোও এখন সরগরম। শহীদ মোহাম্মদ শাহ হলের শিক্ষার্থী আলী রেজা বলেন, ‘টানা বন্ধের পর সবাই আবার এক হলাম। বেশ ভালো লাগছে। তাই আড্ডা জমছে দারুণ। এই আড্ডা আমাদের প্রাণশক্তি। আড্ডায় এলে সারা দিনের সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়।’ এদিকে রাতে পুকুর ঘাটে গানের আসরও জমজমাট। এ গানের আসরে লালন, শিরোনামহীন, আর্টসেল, ওয়ারফেইজ আর সোলসের গান থেকে শুরু করে আবদুল আলিম, আব্বাস উদ্দিন আর হাসন রাজার গানসহ সব ধরনের গানই স্থান পায়। এ আসরের অন্যতম গায়ক পুরকৌশল বিভাগের ইমন আহমেদ বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে আসর কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। এখন আবার জমে উঠেছে।