প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজারের প্রথম শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের উঠোনে জরাজীর্ণ একটি শহীদ মিনার। তারই পাশে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শহীদ মিনারটি বিভিন্ন জাতীয় দিবসে ফুলে ফুলে ভরে গেলেও এটির দিকে কেউ ফিরেও দেখত না। শুধু বিদ্যালয় কর্তৃপক্ষ আর এক-দুইটি সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ করতে তাকাত না। বেশ কয়েক বছর এভাবে অযত্ন-অবহেলায় থাকার পর শহীদ মিনারটির কপাল খুলেছে। রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত কক্সবাজার জেলার প্রথম শহীদ মিনারটি সমপ্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেয়। জরাজীর্ণ সেই ইটের ওপর বসানো হয়েছে টাইলস এবং হয়েছে শৈল্পিক পরিবর্তন। দীর্ঘদিন কুৎসিত অবস্থায় পড়ে থাকার পর বর্তমানে সামান্য সংস্কারেই শহীদ মিনারটি দেখতে বেশ ভালো লাগছে। তাই আবার প্রাণ ফিরে পেয়েছে পুরোনো এ শহীদ মিনারটি।শব্দায়ন আবৃত্তি একাডেমির উপপরিচালক মানসী বড়ুয়া জানান, একটা সময় ছিল রামুর সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ চলত পুরোনো এ শহীদ মিনারের পাদদেশে। জাতীয় দিবসে ফুলে ফুলে ভরে যেত এটি। উপজেলা পরিষদ চত্বরে নতুন শহীদ মিনার হওয়ায় সবাই এদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সংস্কারের পর মানুষ আবার এদিকে ফিরে তাকিয়েছে। রামু সম্মিলিত সাংস্কৃতিক সভাপতি বশিরুল ইসলাম জানান, ‘ষোলোই ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারিতেও শহীদ মিনারটির অবহেলিত চিত্র দেখে খারাপ লাগত। নতুন রূপ দেখে ভালোই লাগছে। এবারের একুশের অনুষ্ঠান এ শহীদ মিনার প্রাঙ্গণে করা হবে।’ রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহিম জানান, ১৯৭২ সালে তৎকালীন সাংসদ, বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাংসদ ওসমান সরওয়ার আলম চৌধুরী এ শহীদ মিনার নির্মাণ করেন। সে হিসাবে এটির বয়স প্রায় ৩৯ বছর। এটি কক্সবাজার জেলার প্রথম শহীদ মিনার। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০০৫ সাল পর্যন্ত এটিই ছিল রামুর প্রধান শহীদ মিনার। সমপ্রতি প্রতিষ্ঠাতার বড় ছেলে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় তিনি এটি সংস্কারের উদ্যোগ নেন। সোহেল সরওয়ার কাজল বলেন, ‘একটু পরিবর্তন এনে আধুনিকায়ন করায় শহীদ মিনারটির চেহারাই পাল্টে গেছে। এ কাজের মাধ্যমে শুধু একটি শহীদ মিনারের সংস্কার নয়, পাশাপাশি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ নতুন শহীদ মিনারের পরিকল্পনা ও ডিজাইন করেন তিনি নিজেই। এ এলাকার সুশীল সমাজ এ কাজের জন্য খুব খুশি। এতে ব্যয় হয়েছে প্রায় ৫২ হাজার টাকা।