চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র কয়েক মাস ধরেই নয়ন জুড়ানো। গাছে গাছে সবুজ পাতা। কোথাও কোথাও শিমুলের শাখায় রক্তিম ছটা। রাস্তার ধারে যে ঝোপগুলো আছে, সেখানেও সাদা-লাল নানা ফুলে ভরা।
সব মিলিয়ে পটে আঁকা ছবির মতোই সুন্দর দৃশ্য। কিন্তু এমন পরিবেশে এত দিন ক্যাম্পাস ছিল ফাঁকা। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীরা আসেনি। তবে গত ২৫ মার্চ থেকে বদলে গেছে এই চিত্র। চট্টগ্রামে হরতাল প্রত্যাহার হওয়ার পর থেকেই নিয়মিত চলছে শাটল ট্রেন ও শিক্ষক বাস। বিভাগ ও ইনস্টিটিউটে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষাও। অবশেষে আবার প্রাণ ফিরেছে ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হরতাল-অবরোধের কারণে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩০টি বর্ষের পরীক্ষার তারিখ স্থগিত হয়ে যায়। ওই সময় কয়েকটি বিভাগ নিজ উদ্যোগে শুক্রবারে পরীক্ষা নিলেও বেশির ভাগ বিভাগ ছিল বন্ধ। তবে গত ১ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) হরতাল-অবরোধেও ক্লাস-পরীক্ষা সচল রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এরপর বেশ কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা চালু হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো গত কয়েক দিনের তথ্য অনুসারে, চলতি মাসে পদার্থবিদ্যা ও ইতিহাস বিভাগের চারটি বর্ষের পরীক্ষা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং, পরিসংখ্যান, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আরবি, ফলিত পদার্থ ও রসায়ন, অর্থনীতি বিভাগের দুটি বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। এ ছাড়া রাজনীতিবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, উদ্ভিদবিজ্ঞান, বাংলা ও মনোবিজ্ঞান বিভাগের একটি বর্ষের পরীক্ষা শুরু হবে এই মাসে।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুম বলেন, ‘হরতাল–অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় এত দিন কার্যত অচল ছিল। এখন হরতাল না থাকায় আমরা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারছি। প্রতিদিন ক্লাসও হচ্ছে। আমাদের অনুরোধ, রাজনৈতিক দলগুলো যেন শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের কর্মসূচির বাইরে রাখে।’
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু হলেও যাতায়াত নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ রয়েই গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হরতাল-অবরোধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাওয়া-আসা কমে যায়। এর পর থেকে কোনো ঘোষণা ছাড়াই দুটি শাটল ট্রেনেরই বগির সংখ্যা কমিয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানান, আগে যেখানে একটি শাটল ট্রেনেই বগি ছিল নয়টি, সেখানে এখন ট্রেন চলছে পাঁচটি বগি নিয়ে। অনেক সময় এই বগির সংখ্যা চারেও নেমে আসছে। এর ফলে প্রতিদিন ভোগান্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফারহানা শারমিন বলেন, ‘বগি কমে যাওয়ায় আমাদের প্রায় সময়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে যাওয়া-আসা করতে হয়। এত দূর দাঁড়িয়ে যাওয়া-আসা করা মেয়েদের জন্য খুবই কষ্টের।’
বগি কমিয়ে দেওয়ার বিষয়ে জানতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কালাম আজাদের ব্যক্তিগত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘শাটল ট্রেনে বগির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আমাদের নজরে আছে। সারা দেশে নাশকতার সময় অনেক বগি পুড়ে যাওয়ায় শাটল ট্রেনের বগি সেসব ট্রেনে যুক্ত করা হয়েছে। এর ফলে শাটল ট্রেনের বগি কমিয়ে দেওয়া হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা কেটে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘কয়েক মাস ধরে সারা দেশের মানুষের ওপর যে রাজনৈতিক নৃশংসতা গেছে, তার প্রভাবে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদেরও ক্যাম্পাসে আসতে সমস্যা হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিছুটা স্থবির হয়ে যায়। এখন রাজৈনতিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হয়েছি। শিক্ষকেরা শিক্ষা কার্যক্রমে সৃষ্ট হওয়া ক্ষতিটা পুষিয়ে দিতে নিয়মিত ক্লাস-পরীক্ষা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই প্রচেষ্টা চালু রাখতে সব ধরনের ব্যবস্থা করছে।’