প্রাণ ফিরেছে জাহাঙ্গীরনগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় বছর বন্ধ থাকার পর ক্যাম্পাসে আবারও জমছে আড্ডা
ছবি: খালেদ সরকার

সন্ধ্যার পর একা হাঁটলে গা ছমছম করত। গাছপালায় ঘেরা বিশাল এলাকায় ডাহুকের ডাক বা শিয়ালের চিৎকারে চমকে উঠত কেউ কেউ। চারতলা ভবনগুলোর দিকে তাকালে মনে হতো ভূতের বাড়ি।

‘ভূতের বাড়ি’তে এখন সন্ধ্যার আগেই নিয়ম করে জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি। করিডরে হাঁটলে কানে আসে তরুণ–তরুণীদের উচ্ছল হাসি, গল্পগুজবের শব্দ। কোথাও ঠুক–ঠাক শব্দ করে চলছে ঘর ধোঁয়া–মোছার কাজ। কোনো কোনো কক্ষে কান পাতলে দুলে দুলে পড়ার গুনগুন শব্দও শুনতে পাবেন। কমনরুম আবারও সরব হয়েছে টেবিল টেনিসের টিক–ট্যাক শব্দে। সব মিলিয়ে আবার ফিরেছে প্রাণ প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। ২১ অক্টোবর ক্লাস শুরু হয়েছে।

এর আগে ১১ অক্টোবর পাক্কা ৫৭০ দিন পর খুলে দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। ১৬টি আবাসিক হলের প্রশাসন ফুল, স্যানিটাইজার, মাস্ক আর হালকা নাশতা দিয়ে বরণ করেছে শিক্ষার্থীদের। আড়াল থেকে গাছপালা, ফুল, পশুপাখিও কি যোগ দিল শিক্ষার্থী বরণের আয়োজনে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র শামীম মিয়া বলেন, ‘কত দিন পর হলের মনির ভাইয়ের দোকানের চায়ের কাপের টুংটাং শুনলাম! ডাইনিংয়ের টলটলে ডালও অমৃত মনে হচ্ছে। জহির ভাইয়ের ক্যানটিনের খাবারের স্বাদ আর কোথায় পাব!’

৫১ বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল চারটি বিভাগে মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে। এখন শিক্ষার্থী বেড়ে প্রায় ১০০ গুণ হয়েছে (১৫ হাজার)। গবেষণা ও পাঠদান সমন্বয় করতে পরিকল্পিতভাবে গড়ে তোলা এই ক্যাম্পাস আবার হয়ে উঠছে প্রাণচঞ্চল।

গবেষণার পরিধি বাড়ছে

প্রাকৃতিক পরিবেশে, নিরিবিলিতে গবেষণা ও পাঠদানের উদ্দেশ্যে ১৯৬৭ সালে গাছপালা ঘেরা এই স্থানকে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচন করা হয়। ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে ধীরে ধীরে গড়ে ওঠে এটি একটি পূর্ণাঙ্গ ‍বিশ্ববিদ্যালয়। সেই থেকে গবেষণায় যুক্ত হচ্ছেন এখানকার শিক্ষক-শিক্ষার্থীরা।

১০ অক্টোবর ৭ লাখের বেশি বিজ্ঞানী ও গবেষকের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি)। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন গবেষক স্থান করে নিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত একটি তালিকায় বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইব্রাহিম খলিল জায়গা পান।

ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র নির্মাণের মাধ্যমে বিজ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়েছে এই প্রাঙ্গণে। বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এখানে কীটপতঙ্গের জিনের ডিএনএ বারকোডিং করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক যে গবেষণা বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল বলে মনে করেন গবেষকেরা। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৫টি অনুষদে মোট ২৯২টি গবেষণা প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ৩৪টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউটে ওই শিক্ষাবর্ষে মোট ৫৫১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়।

ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র
ছবি: খালেদ সরকার

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য বলছে, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭টি বিভাগের শিক্ষক আছেন প্রায় ২০০ জন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁদের একক ও যৌথ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে হাজারেরও বেশি। স্পেনভিত্তিক শিমাগো ইনস্টিটিউশনাল র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে ১ নম্বরে আছে জাবির রসায়ন বিভাগ।

পোল্যান্ডে ২০০৪ সালে অনুষ্ঠিত কম্পিউটার ভিশন ও গ্রাফিকস–বিষয়ক একটি কনফারেন্সে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক শরিফ উদ্দিন। ‘আ সাপোর্ট সিস্টেম ফর ব্লাইন্ড পিপল’ এবং ‘আ মেথড অ্যান্ড সিস্টেম ফর এনহ্যান্সিং মাইক্রোস্কপি ইমেজ’ নামে দুটি পেটেন্ট আছে তাঁর। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রসঙ্গে আলাপ হলো তাঁর সঙ্গে। বললেন, ‘আগের চেয়ে আরও বেশি গবেষণার সুযোগ হয়েছে এখন। এখনকার নবীন গবেষকেরা দেশে-বিদেশে গবেষণার সুযোগ পাচ্ছেন। আমার অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে গবেষণা করছেন।’

প্রত্নতাত্ত্বিক অঙ্গনে এখানকার গবেষকেরা মূল্যবান অবদান রেখেছেন। দেশের প্রথম প্রত্নতত্ত্ব বিভাগ খোলা হয় এই প্রতিষ্ঠানেই। এরপর দেশের বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান খনন ও ইতিহাস উদ্ধারের কাজ করেছে এই বিভাগ। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও বিভাগের শিক্ষার্থীদের খননে উয়ারী–বটেশ্বর গ্রামে আবিষ্কৃত হয়েছে ১৮ মিটার দীর্ঘ, ৬ মিটার প্রশস্ত ও ৩০ সেন্টিমিটার পুরু একটি পাকা রাস্তা। সুফি মোস্তাফিজুর রহমান জানান, এটি আড়াই হাজার বছরের পুরোনো।

দেশের প্রথম মশা গবেষণা কেন্দ্র রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আলোক ফাঁদ, ব্যাঙ ও ফড়িং কিংবা সূর্যকন্যাগাছের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবিত হয়েছে এই কেন্দ্র থেকে। এ ছাড়া মশার ডিএনএ বারকোডিং নিয়ে কাজ করছেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কবিরুল বাশার।

পানির আর্সেনিক দূষণমুক্তকরণ ফিল্টার আবিষ্কার করেছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক শফিউল্লাহ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র পানি গবেষণা কেন্দ্র আছে এই ক্যাম্পাসে। পানি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক খবির উদ্দিন বলেন, পানির বিশুদ্ধতা থেকে শুরু করে সব ধরনের প্রক্রিয়া শিক্ষার্থীরা এখানে হাতেনাতে শেখার সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাতটি বিভাগে শিক্ষকের সংখ্যা প্রায় ১৫০। দেশি-বিদেশি জার্নালে তাঁদের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাঁচ শতাধিক। অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের একটি বড় অংশ নিজেদের উদ্যোগেই গবেষণায় যুক্ত হয়। শিক্ষকেরাও সহায়তা করেন। ফলে অনুষদে গবেষণার চমৎকার পরিবেশ গড়ে উঠেছে।’

সংস্কৃতি চর্চা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় গর্ব করে বলেন, ক্যাম্পাসের আলো-হাওয়া, জল-কুয়াশার স্পর্শ তাঁদের শিল্পীমনকে জাগিয়ে তোলে। আর এই পরিবেশেই নাট্যকার সেলিম আল দীন গড়ে তোলেন দেশের প্রথম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এখানকার থিয়েটার এবং এই বিভাগের শিক্ষার্থীরা এখন দেশের সংস্কৃতি অঙ্গনে আপন মহিমায় উজ্জ্বল। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি থেকে শুরু করে শহীদুজ্জামান সেলিম, ফারুক হোসেন, সুমাইয়া শিমু, জাকিয়া বারী মম, আবদুন নূর সজল, আফসানা আর বিন্দুরা দেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রাখছেন।

বহুদিন পর দেখা হয়েছে বন্ধুদের
ছবি: খালেদ সরকার

১৯৮০ সালে সেলিম আল দীন রচিত ‘শকুন্তলা’ নাটক মঞ্চায়নের মাধ্যমে সেলিম আল দীন মুক্তমঞ্চের যাত্রা শুরু হয়। দেশে পুতুলনাচের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য পুতুলনাট্য গবেষণা কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই খোলা হয়েছে।

এরই ধারাবাহিকতা রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তালিকাভুক্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে ১৫০টির বেশি। এসব সংগঠন সব সময়ই ক্যাম্পাস মাতিয়ে রাখে। গত দেড় বছরের করোনা মহামারি সংস্কৃতিচর্চাকে আটকে রাখতে পারেনি। শিক্ষার্থীরা অনলাইনেই অব্যাহত রেখেছেন তাঁদের কার্যক্রম। অনলাইনে কনসার্টের আয়োজন করে অর্থ উপার্জনের মাধ্যমে করোনার দুঃসময়ে দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতিকর্মীরা। অবশেষে ক্যাম্পাস খুলেছে। সংগঠনগুলোও আবার ক্যাম্পাস মাতিয়ে রাখার জোর প্রস্তুতি নিচ্ছে।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা করার পরিকল্পনা আমাদের দীর্ঘদিনের। ক্যাম্পাস খুলেছে, আমরা সেটি বাস্তবায়নের চেষ্টা করব। এর পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক সংগঠনও নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে। সংস্কৃতির রাজধানী শিগগিরই ফিরবে তাঁর স্বরূপে।’

বিশ্ববিদ্যালয়ের সংগীতবিষয়ক সংগঠন ‘রিদম’। করোনার মধ্যেও তাঁরা দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২১টি ক্লাব নিয়ে একটি আয়োজন শেষ করেছে। ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি বড় সংগীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে বলে জানান সংগঠনের সভাপতি অহনা আঁখি। এ ছাড়া অন্য সাংস্কৃতিক সংগঠনগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে নিজেদের।

উন্নয়ন চলছে

একটি আবাসিক হল নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আল বেরুনী নামের প্রথম আবাসিক হলটির পাঁচটি ব্লকে শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র–ছাত্রীরা ভাগাভাগি করে থাকতেন। ১৯৭৮ সালে ছাত্রীদের জন্য নওয়াব ফয়জুন্নেছা হল নির্মাণ করা হয়। এখন ছাত্রীদের জন্য আটটি হলে আসন রয়েছে ৩ হাজার ৯১২টি। তবে হলের বাসিন্দার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। ছাত্রদের আটটি হলে আসন আছে ৪ হাজার ৫৪০টি। থাকেন প্রায় সাত হাজার ছাত্র।

এই সংকট নিরসনের জন্য এখন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের প্রথম ধাপে নির্মিত হচ্ছে ছয়টি আবাসিক হল। এসব হল নির্মাণের কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। আগামী বছরের জানুয়ারিতে হলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা।

এই উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে নতুন করে একটি প্রশাসনিক ভবন, হলের আবাসিক শিক্ষকদের বাসভবন, প্রাধ্যক্ষদের আবাসিক ভবন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

এ ছাড়া ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার এ উন্নয়ন প্রকল্পে একটি অতিথি ভবন, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, কলা ও মানবিক অনুষদ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারণ, লেকচার থিয়েটার এবং পরীক্ষার হল নির্মাণ, নতুন গ্রন্থাগার ভবন, স্পোর্টস কমপ্লেক্স, সেলিম আল দীন মুক্তমঞ্চের উন্নয়ন, ছাত্রীদের জন্য খেলার মাঠ; গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন সম্প্রসারণ, জহির রায়হান মিলনায়তনের সংশোধন, রাস্তা (ব্রিজ ও ড্রেনসহ), মেডিকেল সেন্টারের জন্য দুটি অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস, আসবাব ও পিকআপ কেনা এই উন্নয়ন প্রকল্পের আওতায় আছে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে অবকাঠামো গড়ে উঠবে—এমনটাই বলছিলেন প্রকল্প পরিচালক নাসির উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোথায় আছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩১তম ব্যাচে ভর্তি হয়েছিলেন। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন ইতিহাস বিভাগের ৩৬তম ব্যাচের ছাত্র। তিনি এখন বাংলাদেশের ক্রিকেটের ওপর এম ফিল করছেন একই বিভাগে।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি এখন একই বিভাগের অধ্যাপক। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাষাবিজ্ঞানী সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত । এ ছাড়া বাংলা বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম ছিলেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় সাহসের সঙ্গে লড়াই করে তিনি প্রাণ দেন।

বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্রী। এভাবে দেশের মন্ত্রণালয়, সচিবালয়, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, ক্রীড়াঙ্গন ও ব্যাংক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের অগণিত শিক্ষার্থী।