প্রাণ ফিরেছে স্টেডিয়ামপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বহুদিন পর দর্শকের কোলাহলে মুখর হলো এম এ আজিজ স্টেডিয়াম l প্রথম আলো
শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বহুদিন পর দর্শকের কোলাহলে মুখর হলো এম এ আজিজ স্টেডিয়াম l প্রথম আলো

তাঁরা ১৩ জন। গায়ে পাকিস্তান ক্রিকেট দলের টি-শার্ট। হাতে পাকিস্তানের পতাকা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রী তাঁরা। স্টেডিয়ামে এসেছিলেন পাকিস্তান করাচি ইলেকট্রিক এফসি দলকে সমর্থন দিতে। প্যাভিলিয়নে বসে কখনো করতালিতে কখনো–বা পতাকা উড়িয়ে উল্লাসে মেতেছিলেন।
শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তানি এই দর্শকেরা সবার নজর কেড়েছেন। স্থানীয় ৮–১০ হাজার দর্শকের ভিড়ে তাঁদের আলাদা করে চোখে পড়েছে। উদ্বোধনী দিনে মানুষের ঢল না নামলেও, এই ম্যাচে ফুটবলের দর্শক–খরা কিছুটা ঘুচেছে। তাই স্বস্তির হাসি দেখা গেছে আয়োজকদের মুখেও।
পাকিস্তানি ছাত্রী শাফিকা, সারা, সামিয়ারা দল বেঁধে বসেছিলেন। জাতীয় দল না হলেও স্বদেশি ক্লাবের খেলা চট্টগ্রামে হচ্ছে জেনে তাঁরা ছুটে আসেন স্টেডিয়ামে। সারা করাচির মেয়ে। তিনি বলেন, করাচি ইলেকট্রিকের খেলা আমি পাকিস্তানে দেখেছি। ভালো লাগে। দেশের খেলোয়াড়দের দেখতেই স্টেডিয়ামে চলে আসি।
প্রথম ম্যাচে করাচির ক্লাবটি ঢাকা আবাহনীর কাছে হারলেও এখনো সেমির আশা ছাড়েনি। পরবর্তী দুটি গ্রুপ ম্যাচ দেখার জন্যও এই ছাত্রীরা স্টেডিয়ামে আসবেন বলে জানিয়ে দিলেন। শফিকা বলেন, ‘আমরা আবারও আসব। এখানে কোনো নিরাপত্তাহীনতা বোধ করছি না।’
এবার আসা যাক স্থানীয় দর্শকদের ব্যাপারে। বিকেল সাড়ে তিনটা থেকে স্টেডিয়ামপাড়ায় ভিড় বাড়তে থাকে। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে যায় দর্শকেরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। কিশোর তরুণ যুবকদের পাশাপাশি কিছু নারী ফুটবলপ্রেমীও দেখা গেছে।
ছিলেন দেশের ক্রিকেট দর্শকদের কাছে পরিচিত মুখ খায়রুল ইসলাম মারুফও। তিন বছর ধরে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলোতে মারুফকে নিয়মিত দেখা গেছে। এই প্রথম তিনি ফুটবল মাঠে এলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মারুফ রয়েল বেঙ্গল টাইগারের বেশভূষা নিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন এম এ আজিজ স্টেডিয়ামে। তাঁর সঙ্গ সেলফি তুলতে ব্যস্ত মানুষজন। নাম জানতে চাইতেই তিনি বললেন, ‘আমার নাম মারুফ টাইগার। তিন বছর ধরে ক্রিকেট মাঠে এই চেহারা নিয়ে যাই। এই প্রথম ফুটবল খেলা দেখতে এলাম।’
দর্শকদের আনাগোনায় খুশি স্টেডিয়ামপাড়ার দোকানিরাও। এক দোকানি জানালেন, অনেক দিন পর আবার স্টেডিয়ামপাড়ায় প্রাণ ফিরেছে।
কিশোর ছেলেকে নিয়ে ফুটবল দেখতে এসেছিলেন চাকরিজীবী মো. হাশেম। তিনি বলেন, ‘সন্ধ্যায় যেহেতু খেলা, তাই ভাবলাম দেখে আসি। ছেলেকেও নিয়ে এলাম। প্রায় ২০ বছর আগে এখানে আমি ফুটবল খেলা দেখতে এসেছিলাম।’
একসময় এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল মানেই ছিল জমজমাট আসর। এটি প্রায় ১৭ বছর আগের কথা। কিন্তু পাতানো খেলা, ক্রিকেট জোয়ার, স্যাটেলাইট টিভির দৌরাত্ম্যে ফুটবল সোনালি ঐতিহ্য হারিয়েছে। সেই ফুটবলকে চাঙা করতেই এই আন্তর্জাতিক ফুটবলের আয়োজন এমনটি দাবি আয়োজকদের। উদ্বোধনী দিনের দর্শক দেখে তাই হাসিটা চওড়া হচ্ছে তাঁদের। টুর্নামেন্ট যতই গড়াবে ততই দর্শক বাড়বে বলেই মনে করছেন তাঁরা। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ১০ হাজার দর্শককেও কম মনে হচ্ছে না তাঁদের কাছে।