প্রাণ রক্ষায় 'লাল-হলুদ'

২৫ ডিসেম্বর বেলা আড়াইটা। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট। সমুদ্রে গোসলে নামা বছর উনিশের এক পর্যটকের ওপর আচমকা ঢেউয়ের আঘাত। মুহূর্তেই শরীরের ভারসাম্য হারালেন। ভেসে যাচ্ছিলেন সমুদ্রে। সৈকতের পর্যবেক্ষণ টাওয়ারের দুরবিনে ধরা পড়ে এই দৃশ্য। সঙ্গে সঙ্গে সচল হয় ওয়াকিটকি। খবর পৌঁছে যায় পানিতে থাকা দুই স্বেচ্ছাসেবকের কাছে। রেসকিউ টিউব নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। ১৫ মিনিটের চেষ্টায় উদ্ধার হন সেই পর্যটক।
এই সাহসী কাহিনি সৈকতের ‘সি-সেফ’ (সমুদ্র নিরাপত্তা) স্বেচ্ছাসেবক দলের (লাইফগার্ড)। পর্যটক ও স্থানীয়দের দেওয়া নাম ‘লাল-হলুদ বাহিনী’। যাঁরা সদা প্রস্তুত থাকেন পর্যটকদের প্রাণ রক্ষায়।
সি-সেফ দলের সুপারভাইজার ও সার্ফার সাইফুল্লাহ সিফাত বলেন, সেদিন (২৫ ডিসেম্বর) ঢাকার বংশাল থেকে আসা পর্যটক মো. শাহীন ও তাঁর আরেক বন্ধু গোসল করতে নামেন। শাহীন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। ওই সময় দুরবিনের মাধ্যমে পর্যবেক্ষণ টাওয়ার থেকে ঘটনাটা দেখে স্বেচ্ছাসেবক কামরুল হাসান ও আবদুল শুক্কুরকে ওয়াকিটকিতে জানিয়ে দিলে তাঁরা গিয়ে শাহীনকে উদ্ধার করেন।
শাহীন জানান, তিনি সাঁতারও জানতেন না। উদ্ধারকর্মীরা এগিয়ে না এলে নিশ্চিত মৃত্যু হতো।

সি-সেফ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের অধীনে একদল তরুণ সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকদের উদ্ধারকাজে নিয়োজিত থাকেন। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) নামে আন্তর্জাতিক একটি সংস্থা। যাদের লক্ষ্য সৈকতের পরিবেশকে বোঝা এবং পানিতে ডুবে মৃত্যুর কবল থেকে পর্যটকদের জীবন রক্ষা করা। কক্সবাজারসহ পৃথিবীর ১৮০টির বেশি দেশের সৈকতে লাইফ গার্ড সেবা নিশ্চিত করছে সিআইপিআরবি। এই সংস্থাটি প্রতিবছর ১ হাজার জনের বেশি লাইফগার্ডকে প্রশিক্ষণ দেয়।
কথা হয় সি-সেফের স্বেচ্ছাসেবক কামরুল হাসান ও আবদুল শুক্কুরের সঙ্গে। এই দুই তরুণ একসময় বেকার ছিলেন। সৈকতে সার্ফিং করে বেড়াতেন। এখন এই কাজটি করে ভালোই সময় কাটছে তাঁদের। মাস শেষে আয়ও হচ্ছে। কামরুল বলেন, ‘বিপদে পড়া মানুষগুলোকে যখন জীবিত উদ্ধার করি তখন নিজেরও আনন্দ হয়।’ তাঁর কথায় সায় দেন আবদুল শুক্কুরও।
স্বেচ্ছাসেবকেরা জানান, গোসলে নামার আগে সৈকতের কোথাও লাল নিশানা ওড়ানো আছে কি না দেখা উচিত। লাল নিশানা ওড়ানো থাকলে গোসলে নামলে বিপদে পড়ার আশঙ্কা থাকে বেশি।
সি-সেফ কক্সবাজার কর্মসূচির ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ প্রথম আলোকে জানান, ২০১৪ সালের মে মাস থেকে ১৯ জন প্রশিক্ষিত লাইফগার্ড নিয়ে সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের উদ্ধার তৎপরতা শুরু। এ পর্যন্ত সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে ১২৩টি উদ্ধার কার্যক্রম চালিয়ে তাঁরা ১৮৬ জন পর্যটকের প্রাণ রক্ষা করেছেন।
‘লাল-হলুদ’ বাহিনী নামকরণ প্রসঙ্গে জানতে চাইলে ইমতিয়াজ আহমদ জানান, পানিতে দীর্ঘক্ষণ থাকলে মানুষের চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। তখন হলুদ ও লাল রং সহজে দেখা যায়। আন্তর্জাতিকভাবেও লাইফগার্ডদের পরনে লাল-হলুদ টি-শার্ট ও প্যান্ট, মাথায় সাদা টুপি। টহলের সময় হাতে থাকে রেসকিউ টিউব, ওয়াকিটকি, মুখে হুইসেল ও চোখে সানগ্লাস। লাইফগার্ডদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হয়। লাইফগার্ডরা পর্যটকদের জীবিত উদ্ধার করেন। মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
সৈকতে সি-সেফ ছাড়াও পর্যটকদের উদ্ধারে ইয়াছির লাইফ গার্ড নামের আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে।
এদিকে সমুদ্রে গোসলে নেমে পর্যটকেরা যেন বিপদে না পড়েন-তার জন্য জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন নানা সচেতনমূলক কর্মসূচি পালন করছে। এ কারণে পর্যটকেরাও সতর্ক হচ্ছেন।
ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে মারা যায় দুই শিশু তাসমিন আকতার ও মিনা আকতার। তারা কক্সবাজারের বাসিন্দা। এর আগে গত জুন, জুলাই মাসে সৈকতে গোসলে নেমে মারা গেছেন আরও চারজন পর্যটক। হদিস পাওয়া যায়নি দুজনের। পর্যটকেরা সচেতন ও সতর্ক হওয়ায় হতাহতের ঘটনা কমছে। তবে গত ১১ বছরে সৈকতে গোসলে নেমে মারা গেছেন ৭৮ জন পর্যটক। এ সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে রক্ষা করা হয়েছে তিন হাজারের বেশি পর্যটককে। ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক গালিব আহমদ জানান, সৈকতের কলাতলী থেকে ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে এখন প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ সমুদ্রে নামছেন। অথচ উদ্ধারকর্মী থাকে লাবণী ও সুগন্ধা পয়েন্টে। কলাতলী, ডায়াবেটিক, শৈবাল, বালিকা মাদ্রাসা পয়েন্টেও লাইফগার্ড সার্ভিস দরকার। একইভাবে উখিয়ার ইনানী. টেকনাফ ও সেন্ট মার্টিন সৈকতেও পর্যটকের নিরাপদ গোসলের কোনো ব্যবস্থা নেই।
টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, লাবণী পয়েন্ট ( সুইমিং জোনে) ছাড়া অন্যান্য সৈকতে গোসলে না নামার নির্দেশনা থাকলেও অনেকে কলাতলী, সুগন্ধা, ডায়াবেটিস পয়েন্টে নেমে বিপদে পড়ছেন। ভাটার সময় গোসলে নামা নিষেধ করে সৈকতে একাধিক লাল নিশানা ওড়ানো হয়। তবে লাবণী পয়েন্টে রাত-দিন ২৪ ঘণ্টা ভ্রমণের নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ।