প্রাণ হাতে নিয়ে পারাপার
নগরে রেলওয়ের ৩১ লেবেলক্রসিং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এগুলোর কোনোটিতে দ্বারপ্রহরী (গেটম্যান) নেই, কোনোটিতে নিরাপত্তা ফটক (গেট) পর্যন্ত নেই। ফলে ঝুঁকি নিয়ে লেবেলক্রসিং পার হচ্ছে যানবাহন ও পথচারীরা। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, নগরে বৈধ লেবেলক্রসিং রয়েছে ৪০টি। অবৈধ রয়েছে আরও ১৪টি। এর মধ্যে বৈধ লেবেলক্রসিংয়ের ১৭টিতেই দ্বারপ্রহরী নেই। রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম চৌধুরী বলেন, ‘দ্বারপ্রহরী না থাকায় নগরের বৈধ-অবৈধ মিলে ৩১টি লেবেলক্রসিং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিত্যদিন এসব লেবেলক্রসিং দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ পারাপার হচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা। আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে।’তিনি বলেন, ‘যেসব লেবেলক্রসিংয়ে দ্বারপ্রহরী নেই সেখানে সিটি করপোরেশনের লোক দেওয়ার জন্য মেয়রের কাছে আমরা লিখেছি।’ রেলওয়ের বিষয়ে মেয়রকে চিঠি কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ২০০৫ সাল থেকে সিটি করপোরেশনকে এসব ক্রসিং বাবদ কর দিয়ে আসছি।’ এ প্রসঙ্গে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘লেবেলক্রসিংয়ে লোক দেওয়ার ব্যাপারে রেলওয়ের কোনো চিঠি আমরা পাইনি।’রেলওয়ে পূর্বাঞ্চলের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) অধীন বৈধ লেবেলক্রসিং রয়েছে ৪৩৪টি। অবৈধ লেবেলক্রসিং রয়েছে ৮১২টি। বৈধ লেবেলক্রসিংয়ের মধ্যে ২২৫টিতেই দ্বারপ্রহরী নেই। রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) রমজান আলী জানিয়েছেন, ‘বৈধ-অবৈধ মিলে রেলওয়ে পূর্বাঞ্চলে এক হাজার ৩৭টি লেবেলক্রসিং বর্তমানে ঝুঁকিপূর্ণ। আমরা ৪২০টি লেবেলক্রসিং মেরামতের জন্য ঢাকায় ইতিমধ্যে সারপত্র পাঠিয়েছি। এর মধ্যে ২৯১টি অবৈধ লেবেলক্রসিংও রয়েছে।’ তিনি বলেন, ‘লেবেলক্রসিংয়ে লোকবলসংকট তো আছে। এসবের পাশাপাশি মানুষের অসচেতনতার জন্যও লেবেলক্রসিং কেন্দ্রিক প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কার্যালয় সূত্র জানায়, গত বছরে লেবেলক্রসিং কেন্দ্রিক (পূর্বাঞ্চল) দুর্ঘটনা ঘটেছে ছয়টি। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ঝাউতলা ও ষোলশহরে দুটি দুর্ঘটনায় দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে আহত হন পাঁচজন। ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুল আলম বলেন, ‘লেবেলক্রসিংয়ে দুর্ঘটনার জন্য গেটম্যানের গাফিলতি ও জনসাধারণের অসচেতনতাই দায়ী।’ লেবেলক্রসিংগুলোতে ঢাকার মতো সতর্কসংকেত ব্যবহারের পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, নগরের ওয়ারলেস কলোনি, কদমতলি, ষোলশহর, মুরাদপুর ও ঝাউতলা লেবেলক্রসিং সবচেয়ে ব্যস্ততম। নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় ৪৩৪টি বৈধ লেবেলক্রসিংয়ের জন্য এ মুহূর্তে দ্বারপ্রহরী প্রয়োজন ৪৩৭ জন। কিন্তু সরকারিভাবে অনুমোদিত আছে ১৭৬ জন। এর মধ্যেও বর্তমানে কর্মরত আছেন ৮৯ জন। আর ৮৭ জন দ্বারপ্রহরী নিয়োগের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় বিশেষ শ্রেণীর ৫০টি, প্রথম শ্রেণীর ২২টি, দ্বিতীয় শ্রেণীর ৯২টি, তৃতীয় শ্রেণীর (একজন দ্বারপ্রহরী আছে এমন লেবেলক্রসিং) ৩৭টি এবং চতুর্থ শ্রেণীর আটটি লেবেলক্রসিং আছে। বাকি ২২৫টি লেবেলক্রসিংয়ে দ্বারপ্রহরী নেই। এক প্রশ্নের উত্তরে নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ‘৪২০টি লেবেলক্রসিংকে আরও উন্নত করার জন্য ঢাকায় রেল ভবনে একটি সারপত্র পাঠিয়েছি। এর মধ্যে ২৯১টি অবৈধ লেবেলক্রসিংও রয়েছে। হামজারবাগ এলাকার হালিমা বেগম জানান, ‘হামজারবাগ লেবেলক্রসিংয়ে গেটও নেই, গেটম্যানও নেই। আমরা প্রাণ হাতে নিয়ে পারাপার করি।’বিভাগীয় ট্রেন নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে দৈনিক আন্তনগর সাত জোড়া, মেইল ট্রেন আট জোড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সাত জোড়া, নাজিরহাট ও দোহাজারিতে একজোড়া করে মোট ২৪ জোড়া বা ৪৮টি ট্রেন চলাচল করছে।