প্রাণ হাতে বিদ্যালয়ে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন দেড় কিলোমিটার চওড়া শঙ্খ নদ পাড়ি দিয়ে বাঁশখালীর খানখানাবাদে অবস্থিত বিদ্যালয়ের পড়তে যায় আনোয়ারার চর জুঁইদণ্ডী গ্রামের আবদুর রহমান। ৬ অক্টোবর শঙ্খে নৌকাডুবিতে ওই গ্রামেরই দুই ছাত্রী নিখোঁজ হওয়ার পর গতকাল ৮ অক্টোবর নদীতে লাশ মিলেছে তাদের। এ ঘটনার পর আতঙ্ক ভর করেছে আবদুর রহমানসহ ওই গ্রামের শ খানেক শিক্ষার্থীর মনে।
আনোয়ারার চর জুঁইদণ্ডী গ্রামের প্রায় ১০০ শিক্ষার্থীকে বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য প্রতিদিন শঙ্খ পাড়ি দিতে হয়। ৬ অক্টোবর শঙ্খে নৌকাডুবির ঘটনায় ওই গ্রামেরই দুই মাদ্রাসার ছাত্রী হানিফা আক্তার ও জান্নাতুল মাওয়ার মৃত্যু হয়। ৭ অক্টোবর ওই গ্রামে গেলে কথা হয় সপ্তম শ্রেণির ছাত্র আবদুর রহমানের সঙ্গে। সে বলে, ‘এভাবে প্রতিদিন একরকম প্রাণ হাতে নিয়েই শঙ্খ পাড়ি দিচ্ছি। এখন তো আবহাওয়া অনেক ভালো। ঘোর বর্ষাতেও আমরা দেড় কিলোমিটারের বেশি চওড়া শঙ্খ নদ পাড়ি দিয়ে বাঁশখালীতে অবস্থিত বিদ্যালয়ে যাই। ভয় লাগলেও কিছু করার নেই।’
জানা গেছে, জুঁইদণ্ডী ইউনিয়নের একেবারে দক্ষিণে ১ নম্বর ওয়ার্ডের চান মিয়া মাঝির বাড়ি, নতুন বাড়িসহ কয়েকটি এলাকার শিক্ষার্থীকে পড়াশোনা করতে যেতে হয় চার কিলোমিটার উত্তরে জুঁইদণ্ডী আনোয়ারুল উলুম মাদ্রাসা ও সাড়ে পাঁচ কিলোমিটার উত্তরে জে কে এস উচ্চবিদ্যালয়ে। কিন্তু দীর্ঘ এ পথ পাড়ি দেওয়ার জন্য সড়ক যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় তারা শঙ্খ নদ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায়। আর এভাবে প্রাণ হাতে নিয়েই চলছে তাদের পড়াশোনা।
জুঁইদণ্ডীর ঈশ্বরবাবুর ঘাট এলাকার চায়ের দোকানি শহীদুল ইসলাম (৩৯) বলেন, ‘বৃহস্পতিবার চোখের সামনেই কত বড় অঘটন ঘটল। দুজন মেয়ে ডুবে গেল।’ তিনি আরও জানান, প্রতিদিন এলাকার শতাধিক ছেলেমেয়ে শঙ্খ নদ পার হয়ে অপর পারে পড়তে যায়। জোয়ার-ভাটা, বৃষ্টি-বাদলসহ নানা কারণে তাদের ঝুঁকির মধ্যে পড়তে হয়। ওই এলাকার আরেক বাসিন্দা কুতুব উদ্দিন (৫২) বলেন, ‘বৃহস্পতিবারের দুর্ঘটনার সময় নৌকায় আমার দুই মেয়ে ছিল, ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে। দুজনই মাদ্রাসায় নির্বাচনী পরীক্ষা দিতে যাওয়ার পথে নৌকাডুবির শিকার হয়।’
স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, ‘এসব আর ভালো লাগছে না। কাছাকাছি একটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে আমাদের সন্তানেরা এ রকম কষ্টে পড়ত না। শুধু পড়াশোনার জন্য আমার এক মেয়ে ও এক ছেলে দুর্ঘটনায় পড়ল।’
রায়ছটা যাতা নূরাইন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ বলেন, ‘আমাদের মাদ্রাসা ও পাশের একটি উচ্চবিদ্যালয়ে এ গ্রামের শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। তারা খুব কষ্ট করেই এ পড়াশোনা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নৌকাডুবির ঘটনায় আমরা খুবই মর্মাহত।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, চর জুঁইদণ্ডী গ্রামের কাছাকাছি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা না থাকায় এলাকার ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে শঙ্খ নদ পাড়ি দিচ্ছে, বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক।