
যশোর শহরের দক্ষিণ প্রান্তে হরিণার বিল। এই বিল ঘেঁষে ২৫ একর জমিতে গড়ে উঠেছে যশোর মেডিকেল কলেজের বিশাল ক্যাম্পাস। ক্যাম্পাসের চারদিকে বিস্তীর্ণ মাঠ। দূরের নীল আকাশ যেন ছুঁয়েছে বিলের জল। দখিনা বাতাসে শরীর জুড়িয়ে যায়। নির্মল প্রকৃতির মাঝে নতুন এই ক্যাম্পাস পেয়ে শিক্ষার্থীরা ভীষণ খুশি।
কলেজ প্রতিষ্ঠার ছয় বছর পর অবশেষে নিজেদের একটা ‘আস্তানা’ হলো শিক্ষার্থীদের। এত দিন ক্লাস করতে হতো যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের একটা অংশে। দুই সপ্তাহ হলো, নতুন ক্যাম্পাসে পদার্পণ করেছেন হবু ডাক্তারেরা। গ্রন্থাগার, একাডেমিক ভবনের সিঁড়ি, ছাত্রাবাসের সামনের সবুজ ঘাসে এখন তাঁরা প্রাণখুলে আড্ডা দিতে পারেন।
গত বুধবার ক্যাম্পাসে গিয়ে দেখা গেল, প্রথম বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ভবন থেকে ক্লাস শেষে হইহই করে বেরিয়ে যাচ্ছেন। আরেক দিকে তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী আড্ডায় মশগুল। ‘কেমন লাগছে নতুন ক্যাম্পাসে এসে?’ প্রশ্ন ছুড়তেই তৃতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান বললেন, ‘এ ক্যাম্পাস আমাদের অনেক আকাঙ্ক্ষার। ক্যাম্পাসে আসার দাবিতে আমরা যশোর শহরে দিনের পর দিন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে চমৎকার পরিবেশের সুন্দর একটি ক্যাম্পাস পেয়েছি।’
আরেক তৃতীয় বর্ষের ছাত্র এম এস শাকির বলেন, ‘এত দিন মনেই হয়নি আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের লেখাপড়া করি। বাথটাব থেকে যেন সমুদ্রে এসে নামলাম!’ আড্ডায় থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুন নাহার তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, ‘দেশের দরিদ্র মানুষের টাকায় আমরা লেখাপড়া করছি। চিকিৎসক হওয়ার পর সেই গ্রামের দরিদ্র মানুষের জন্য মাসে অন্তত একবার বিনা মূল্যে চিকিৎসাসেবা দেব।’ তৃতীয় বর্ষে পড়ুয়া রুবেল মোল্লা নিজের ইউনিয়নে বিনা মূল্যে সেবাদানের জন্য একটি হাসপাতাল করার স্বপ্নের কথা জানালেন।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের একটি অংশে যশোর মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। গত বছর এ কলেজ থেকে ২৬ জন এমবিবিএস পাস করে এখানকার ইন্টার্নি চিকিৎসক হিসেবে যোগ দিয়েছেন। বর্তমানে ছয়টি ব্যাচে ৩৮০ জন শিক্ষার্থী আছেন। বর্তমান ক্যাম্পাসের ছাত্রাবাসে ১০১ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের আবাসিক ভবনের কাজ চলছে।
কলেজের অধ্যক্ষ এইচ এম মাহবুব-উল-মওলা চৌধুরী বলেন, ‘ক্যাম্পাস এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করানোর চেষ্টা চালানো হচ্ছে। যদিও আমরা ক্যাম্পাসে একাডেমিক ভবনে পাঠদান শুরু করেছি। ছাত্রদের আবাসিক হলে তুলে দিয়েছি। নকশায় ক্যাম্পাসে যেসব স্থাপনা নির্মাণের কথা রয়েছে, তার এক-তৃতীয়াংশেরও কাজ শেষ হয়নি। মন্ত্রণালয়ে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানবিক বিকাশে নানা কার্যক্রম নিয়মিত করার উদ্যোগ আমরা নিয়েছি।’