প্রাণখোলা হাওয়া
ক্লাস না থাকলে আড্ডায় মাততাম। সমস্বরে সবাইকে জানাতে চাইতাম, ‘বেশ আছি আমরা!’ ক্লাসে স্যার-ম্যাডামদের চোখ ফাঁকি দিয়ে চিরকুট লিখে আড্ডা চালিয়ে যাওয়া। সেই কাগজের ছোট্ট টুকরোগুলো কী যে মজার হতো! ক্লাস যে কোন ফাঁকে পার হয়ে যেত টেরই পেতাম না। দুপুরে টিফিনে তড়িঘড়ি করে ক্যানটিনে না পৌঁছালে খাবার ফুরিয়ে যাবে, তাই অন্তত একজন গিয়ে খাবারের অর্ডার দিয়ে দেওয়া চাই-ই চাই। কী না করেছি আমরা? কোনো উৎসবে রিকশা করে ঘণ্টা চুক্তি ভাড়ায় ঘুরে বেড়িয়েছি। একসঙ্গে কত কোরাস গীত গেয়েছি! কেউ গলা মেলাতে বাদ দিলে তাকে বাধ্য করেছি। সাধ্যমতো চাঁদা দিয়ে বন্ধুর জন্য উপহার কিনেছি। একসঙ্গে মেঘ দেখে, ফুলপাতার সমারোহ দেখে, বৃষ্টিতে ভিজে, পিচঢালা রাস্তায় হেঁটে—এত প্রাণখোলা, নির্বিঘ্ন সময় কাটিয়েছি আমরা সাত বন্ধু! এমনই ছিল ‘মোদের কলেজ-বেলা’।প্রথমবার পিৎজা খেতে গিয়ে সেকি বিরক্তির অনুভূতি! খেতে তো পারলামই না, উপরন্তু রেস্তোরাঁর বিল মেটাতে টাকার থলে শূন্য হলো। সাত বান্ধবী একসঙ্গে থাকাতে কোনো ছেলে ইভ টিজিং করতে সাহস পেত না। কত টুকরো স্মৃতিতে আমাদের বন্ধুত্ব যে অফুরান! এ যেন তিরতির করে বয়ে যাওয়া বাতাস। এ যেন কাঁচা বাঁশের তৈরি জানালা দিয়ে আকাশ দেখা। এ সম্পর্কে পিছপা হওয়ার নয়। এখন আর পিৎজা খাওয়ার উপায় নেই; কারণ, কলেজ এলাকার রেস্তোরাঁটি বন্ধ হয়ে গেছে। খুব ভালো সময়ের স্মৃতি ধরে রেখেছিল সে স্থানটি।আজ সেই বান্ধবীদের অনেকেরই খোঁজ নেই। তবু প্রতীক্ষায় থাকা। ঘড়ির তিনটি কাঁটার মিলন হয় অল্প সময়ের। আমরাও না-হয় তেমনি করেই মিলিত হব। ফের গাইব কোরাস গীত, ফের ঘুরব—এটুকু ভেবেই শিহরিত হই।লক্ষ্মী চক্রবর্তীঠিকানা পাওয়া যায়নি।