প্রাণচাঞ্চল্য নেই কাপ্তাই জেটিঘাটে
কাপ্তাই জেটিঘাটে আগের সেই কর্মকোলাহল ও ব্যস্ততা নেই। প্রধানত বাঁশ ও কাঠের ব্যবসাকে কেন্দ্র করে জমজমাট থাকত এই জেটিঘাট। এই দুটি পণ্যের পরিবহন কমে যাওয়ায় ব্যস্ত এই তার ঘাট গুরুত্ব হারিয়েছে।কাপ্তাই জেটিঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ে দেখা দিয়েছে বাঁশের আকাল। সেই সঙ্গে কমে গেছে কাঠের চালানও। আগের মতো পণ্যবাহী নৌকাভেড়ে না এই ঘাটে। অনেক ব্যবসায়ী বাধ্য হয়েছেন ব্যবসা গুটিয়ে নিতে। পাঁচ বছর আগেও জেটিঘাট থেকে প্রতিদিন বাঁশবোঝাই দুই শ ট্রাক চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করত। এখন ২০টি ট্রাকও চলাচল করে না। জেটিঘাট এলাকার খাবারের দোকানগুলোও এখন ফাঁকা পড়ে থাকে। বন্ধ হয়ে যাচ্ছে আবাসিক হোটেলগুলো।এলাকার বাসিন্দা মো. শামসু মিয়া জানান, একসময় জেটিঘাট এলাকায় প্রায় ১৫টি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন এলাকার মানুষজন আসবাব বানানোর জন্য জেটিঘাটে আসতেন। এখন আসবাবপত্র তৈরির একটি দোকানও নেই। লঞ্চঘাট বোট মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে প্রতিদিন কাপ্তাই জেটিঘাট থেকে রাঙামাটি, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচরসহ বিভিন্ন উপজেলায় শতাধিক ছোট-বড় ইঞ্জিনচালিত নৌকা চলাচল করত। এখন দৈনিক ১০টি নৌযানও চলাচল করে না।’রমরমা জেটিঘাটের এই হাল কেন, জানতে চাইলে কাপ্তাই বাঁশ ও কাঠ ব্যবসায়ী সমিতির একাধিক সদস্য জানান, মূলত বাঁশের কারবারের জন্যই জেটিঘাট চাঙা ছিল। সেই সঙ্গে জমজমাট কাঠের ব্যবসাও ছিল। এ দুটি পণ্য পরিবহনকে ঘিরে কাপ্তাই জেটিঘাট ছিল কর্মমুখর। এ ছাড়া মাছ নিয়ে ভিড়ত জেলে নৌকাও। জেটিঘাটে কাজ করতেন শত শত শ্রমিক। তবে বাঁশ ও কাঠের আকাল দেখা দেওয়ায় কর্মচাঞ্চল্য হারিয়েছে এই ঘাট। এ বিষয়ে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ বলেন, ‘একসময় আমিও এখানকার ব্যবসায়ী ছিলাম। শত শত ব্যবসায়ীর আনাগোনা ছিল এই জেটিঘাটে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বাঁশ কমে যাওয়ায় জেটিঘাট জৌলুশ হারিয়েছে।’কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নূর বেগম জানান, চার বছর ধরে প্রতি শনিবার জেটিঘাটে হাট বসে। বিলাইছড়ি, কেংরাছড়ি, ফারুয়া থেকে বিপুল সংখ্যক আদিবাসী এখানে বিভিন্ন তরিতরকারি ও অন্যান্য সামগ্রী নিয়ে আসেন। বেচাকেনা ভালোই হয়। এই সাপ্তাহিক হাটবারের কারণে জেটিঘাট এখন পর্যন্ত টিকে আছে।