প্রাণতোষ দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নেতৃত্বে দীর্ঘ ১১ বছর পর ফেডারেশন কাপ জেতে আবাহনী দল। কয়েকদিন আগে ঘরে তুলল সুপার কাপ। এবারের সময়ের তারকা আবাহনীর অধিনায়ক ছোটবেলা যেখানে কেটেছে—বাগেরহাট জেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামে।প্রথম স্কুুল—কররী গ্রামের ক্ষুদ্র চাকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল আমার প্রথম স্কুুল।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম—আমাদের পরিবারের অনেকেই ফুটবল খেলতেন, তাই স্বপ্ন ছিল ফুটবলার হব।ভালো ফুটবলারের যে তিনটি গুণ থাকা জরুরি—লক্ষ্য স্থির করে এগোতে হবে, কঠোর অনুশীলন আর চারিত্রিক দৃঢ়তা।মাঠে নামার আগমুহূর্তে যা ভাবি—সৃষ্টিকর্তাকে স্মরণ করি। একটা প্রার্থনাই থাকে, তিনি যেন আমাদের পরিশ্রমের মূল্য দেন। অবসরের সঙ্গী—টেলিভিশন।সব সময় যে তিনটি জিনিস সঙ্গে রাখি—মুঠোফোন, মানিব্যাগ আর মুখের হাসি।প্রিয় খেলোয়াড়—ম্যারাডোনা।খেলোয়াড়ি জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত—গত বছর ৫ আগস্ট আবাহনী সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছিল। সেখানে মৌসুমের সেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়েছিল আমাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গলায় সোনার মেডেল পরিয়ে দিয়েছিলেন।যে স্বপ্নটা সব সময় দেখি—মা-বাবা, ভাই-বোন নিয়ে সুখের একটি পরিবারের স্বপ্ন।সুপার কাপ জয়ের পরের অনুভূতি—আমরা জয়টা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। সত্যিকার অর্থেই মন থেকে চাইছিলাম, আমরা জিতব। তারপর যখন জয় এল, তখন আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারিনি। সারা রাত ঘুম হয়নি।প্রথম ফুটবলটি যেভাবে পেয়েছিলাম—প্রথমে আমরা খেলতাম বাতাবি লেবু দিয়ে। তারপর খেলতাম তালপাতার বল দিয়ে। স্কুলেই প্রথম সত্যিকারের বল দিয়ে খেলেছি। আর কখনোই নিজের একটা ফুটবল ছিল না আমার!ফাইনালের দিন মাঠে নামার আগে সতীর্থদের যা বলেছিলাম—শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা লড়ব। জিতেই ফিরতে হবে আমাদের। সবাই জীবন দিয়ে খেলেছিল সেদিন।বড় অনুপ্রেরণা—প্রশান্ত দাস, তিনি ছিলেন আমার কাকা। তাঁকে দেখেই আমার ফুটবলার হওয়ার সাধ হয়েছিল।ছেলেবেলায় খেলা দেখলে যা ভাবতাম—দরিদ্র ঘরের ছেলে ছিলাম। স্কুল থেকে ফিরে এলে বাবা পানের বরজে কাজে লাগিয়ে দিতেন। খুব দুঃখ হতো তখন। আমার এক দাদা ছিলেন, নাম বিষ্ণু দাস। তিনি বাবাকে বুঝিয়ে কখনো আমাকে খেলা দেখতে নিয়ে যেতেন, কখনো যেতেন খেলাতে। তখনই ভাবতাম, সত্যিকারের ফুটবলার হতে হবে একদিন। ফুটবলের বাইরে প্রিয় খেলা—ক্রিকেট, ভলিবল। যে কথা এখনো মনে পড়ে—খেলার মাঠে আমি খালি পায়েই খেলতাম। আমার বুট ছিল না। একটু একটু করে টাকা জোগাড় করে বুট কিনি। বাড়িতে বুট জোড়া নিয়ে আসার সাহস ছিল না বাবার ভয়ে। পাশের বাড়িতে রেখে ঘরে ফিরি। কীভাবে যেন বাবা টের পেয়ে যান। বাবা আমাকে মারেন। এখন পত্রিকায় আমার ছবি ছাপা হলে বাবাই সবচেয়ে বেশি খুশি হন। সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার