প্রাণবন্ত অনুষ্ঠানে ক্রিকেটের জয়
স্টেডিয়াম কিংবা অলিগলিতে লাল-সবুজের ঝড় তোলা, চার-ছক্কার সঙ্গে আনন্দে আত্মহারা হওয়া মানুষগুলোই সমবেত হয়েছিলেন মিলনায়তনে। কখনো চুপচাপ, ফিসফাস আবার কখনো মুহুর্মুহু করতালিতে মুখর পুরো মিলনায়তন। মাঝেমধ্যে মনে হচ্ছিল মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনটা যেন বিশ্বকাপের কোনো স্টেডিয়াম। চার-ছক্কার সঙ্গে সঙ্গে যেভাবে বিরতিতে করতালি পড়ে সেই ছন্দ ছিল তাদের উচ্ছ্বাসে। আলোকিত-আরএসআরএম বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানজুড়ে ছিল কেবল ক্রিকেট আর ক্রিকেট। বিজয়ী আগেই নির্ধারিত হয়েছিলেন। তার পরও নতুন প্রতিযোগিতা ছিল। এ প্রতিযোগিতা দর্শকদের মধ্যে পাঁচজনের ভাগ্য যাচাইয়ের। উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান পাঁচজনের হাতে তুলে দেওয়া হয় মুঠোফোন। আর বাকিরা! তাঁরাও কি শূন্য হাতে ফিরেছেন? একেবারেই নয়। তাঁরা চ্যাম্পিয়ন হয়েই ফিরেছেন।প্রথম আলোর ক্রীড়া সম্পাদক, ক্রীড়ালেখক উৎপল শুভ্র তো বলেই ফেললেন, ‘বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশও একদিক থেকে চ্যাম্পিয়ন।’ এরপর সমবেত দর্শক একটু অবাকই হলেন। পরস্পরের দিকে মুখ দেখাদেখি করছেন।একটু দম নিয়ে উৎপল শুভ্র বললেন, ‘আপনাদের উন্মাদনা, ক্রিকেটের প্রতি আপনাদের ভালোবাসা আইসিসিতে প্রশংসিত হয়েছে। তাই আপনারাও চ্যাম্পিয়ন।’ করতালি যেন আর থামেই না।জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মঞ্চে উঠতেই হইচই। আর তিনি যখন মাইক হাতে নিয়ে চট্টগ্রামের জয়গান করলেন, তাতেই খুশি সবাই। হাবিবুল বলেন, ‘চট্টগ্রাম থেকেই আমার ক্রিকেটের যাত্রা শুরু। এখানেই দেশের টেস্ট জয়। আবার এবার বিশ্বকাপে দুটি ম্যাচে জয়।’প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন চট্টগ্রামের ক্রিকেট-ঐতিহ্য স্মরণ করে বলেন, ‘একসময় এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হতো। জাতীয় দলে পাঁচ-ছয়জন অংশ নিত।’ এসব প্রাঞ্জল কথায় কোনো দর্শক একটিবারের জন্যও বিরক্ত হলেন না। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরএসআরএমের পরিচালক (বিক্রয়) জুলফিকার আলী আজাদ ও ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন। শেষ পর্বে উপস্থিত দর্শকদের কুইজ পর্বটির সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার।কথামালার পর সাংস্কৃতিক পর্ব। এবার জমজমাট নাচগানের আয়োজনের সঙ্গেও দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল অভাবনীয়। ব্যান্ড দল সাসটেইন নিজেদের গান ছাড়াও এ দেশের জনপ্রিয় দলগুলোর গান করে দর্শক নাচালেন। এরপর চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের তারকা চৈতী মুৎসুদ্দী মঞ্চে আসতেই করতালি। তিনি গাইলেন ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই।’ দর্শকদের নাচ আর দেখে কে! এরপর ‘সোনাবন্ধু’, ‘রসিক তেল কাজলা’ ও ‘পাঞ্জাবিওয়ালা’সহ নানা গানে পুরো মিলনায়তন মাতিয়ে তোলেন। তবে গানের আগে সবচেয়ে উপভোগ্য ছিল অনন্য বড়ুয়া ও তাঁর দলের নৃত্য। বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ‘মার ঘুরিয়ে’ গানের সঙ্গে তরুণ-তরুণীদের নৃত্যে জয় হলো ক্রিকেটেরই। অতঃপর চ্যাম্পিয়নের বেশেই বাড়ি ফেরা।