প্রাণবন্ত যুক্তির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্নের বাংলাদেশ একটি আকাশকুসুম কল্পনা’ বিষয়টি উপস্থাপিত হলো সংসদে। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলল তুমুল তর্ক-বিতর্ক। এ প্রাণবন্ত লড়াই ছিল যুক্তির।জমে উঠেছিল চুয়েটের তিন দিনব্যাপী সপ্তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। চুয়েট ডিবেটিং সোসাইটির আয়োজনে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি স্থানে এই প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় এবারের স্লোগান ছিল, ‘এসো নবীন আঁকব আজ যুক্তির আল্পনা’। ১৮ জুন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক এবং চুয়েট ডিবেটিং সোসাইটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আহ্সান উল্লাহ।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের শিক্ষিকা আয়েশা আক্তার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মোহাম্মদ রাশেদুল হাসানসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।এ প্রতিযোগিতায় চুয়েটের ছয়টি বিভাগের মোট ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে পুরকৌশল বিভাগ থেকে চারটি, তড়িৎকৌশল বিভাগ থেকে চারটি, যন্ত্রকৌশল বিভাগ থেকে তিনটি, কম্পিউটারকৌশল বিভাগ থেকে দুটি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে দুটি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একটি দল অংশ নেয়। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তড়িৎকৌশল বিভাগের ‘ইলেকট্রিকাল শর্ট সার্কিট’ নামের দল। এ দলের সদস্যরা হলেন: তড়িৎকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পরশ চাকমা, ত্রপা বণিক ও আকিমুন জান্নাত আলভিনা। সেরা বিতার্কিক হয়েছেন পরশ চাকমা। দ্বিতীয় হয়েছেন সিএসই ইন্ডিপেন্ডেন্ট দল। ২০ জুন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।এ ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তড়িৎকৌশল বিভাগের শিক্ষক আহসান উল্লাহ, যন্ত্রকৌশল বিভাগের সজল চন্দ্র বণিক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের রাশেদুল হাসান, পুরকৌশল বিভাগের আয়শা আক্তার প্রমুখ।পুরস্কার বিতরণীর পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এক টুকরো মেঘ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।অনুষ্ঠানে আরও ছিল দ্য গিফ্ট অব দ্য মেজাই গল্পাংশ নিয়ে নাটিকা জিম অ্যান্ড ডেলা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অতৃপ্ত কাব্য ও বিবর্ণ বর্ষা, রম্যনাটিকা গ্রাম্য সালিশ, সমবেত নৃত্য, কবি নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’ ও ‘নাম দিয়েছি ভালবাসা’ এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘যা চেয়েছি তা পাই না’ কবিতা অবলম্বনে ব্যতিক্রমী কবিতা আবৃত্তি।