২০১২ সালের ঘটনা। চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নের জন্য নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী চলতে থাকে কাজ। অবশেষে ২০১২ সালের ১৮ নভেম্বর সরকার অনুমোদন দেয় নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এ বছরের ৪ মার্চ ইউজিসি কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়ার পর ১৭ মে শুরু হয় প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম। বর্তমানে নতুন প্রাণের ছোঁয়ায় মুখর এ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। নগরের দক্ষিণ খুলশী এলাকায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এখন তারুণ্যের স্বপ্নভূমিতে পরিণত হয়েছে।
সামার, ফল ও স্প্রিং প্রতিবছর এ তিন সেশনে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় শিক্ষার্থীদের। ট্রাই-সেমিস্টার পদ্ধতিতে চলে শিক্ষা কার্যক্রম। সামার সেশনে ৩০০ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলছে ফল সেশনের ভর্তি কার্যক্রম। ব্যবসায় প্রশাসন, আইন, ইংরেজি, অর্থনীতি, যোগাযোগ ও সাংবাদিকতা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, টেক্সটাইল প্রকৌশল ও পুরকৌশলসহ বিভিন্ন বিভাগের অধীনে ১৪টি প্রোগ্রাম চালু রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। রয়েছে ১২ হাজার বইসমৃদ্ধ একটি পাঠাগার। এ ছাড়া রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন গবেষণাগার।
বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের অধ্যাপক মো. নুরুল আনোয়ার এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এখানে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েই শিক্ষক নিয়োগ দেওয়া হয়।’
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত থাকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। গত বুধবার কথা হয় ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. এরশাদ ও মহিউদ্দিন মজুমদারের সঙ্গে। তাঁরা জানান, এখানকার শিক্ষকেরা বেশ ভালো ও আন্তরিক। শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে, বেশকিছু শিক্ষার্থী মেতে আছেন আড্ডায়। কথা বলে জানা গেল, তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। নতুন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে পড়ার মতো চ্যালেঞ্জ নেওয়া কেন? এমন প্রশ্ন ছুড়ে দিতেই সবাই সমস্বরে জানান দিলেন, তাঁরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান জানালেন, শিক্ষার্থীর সংখ্যা নয়, শিক্ষার গুণগত মান ধরে রাখতেই তাঁরা বদ্ধপরিকর। ওবায়দুর রহমানের মতো এমন স্বপ্ন দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাঁদের স্বপ্ন, এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর। শিক্ষার্থীদের কলতানে আরও মুখর হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।