রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পর্যটন শহর কক্সবাজারের মানুষ। এতে পর্যটনসহ নানা ব্যবসায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
গত ২৯ অক্টোবর রাতে কুতুবদিয়ার উত্তর ধুরুং বাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার ১৮ দল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এর আগে ২৫ অক্টোবর চকরিয়া পৌরসভায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ মিছিল বের করলে বিজিবি-বিএনপি এবং বিএনপি-আওয়ামী লীগের পৃথক সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। এ ছাড়া বিভিন্ন সময় কর্মসূচি পালনের সময়ও ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটছে। রাজনৈতিক কর্মসূচি সহিংস হয়ে ওঠায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সহিংস রাজনীতি কক্সবাজারের ব্যবসা-বাণিজ্য শেষ করে দিচ্ছে। অন্যদিকে, আতঙ্কিত করে তুলছে সাধারণ মানুষকে। ছেলেমেয়েরা ঠিকমতো বিদ্যালয়-কলেজে যেতে পারছে না। পর্যটনের স্বার্থে এখানকার রাজনৈতিক দলের নেতাদের আরও নমনীয় হতে হবে।
শহরের বার্মিজ মার্কেটের দোকানি রাখাইন তরুণী বলেন, আগে হরতালেও দোকানপাট খোলা যেত। এখন দোকানের দরজা অর্ধেক বন্ধ রেখে বেচাকেনা করতে হয়। সব সময় হামলার আতঙ্কে থাকি।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, গত ১৫ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হন। মূলত এর পর থেকে শহরের রাজনীতি অশান্ত হয়ে ওঠে। যার প্রভাবে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত পর্যটকশূন্য হয়ে পড়েছে। চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস কয়েক মাস ধরে লোকসান দিচ্ছে।
এই প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহিমুল্লাহ বলেন, ‘আমরা সব সময় শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করতে চাই। কুতুবদিয়ার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালিয়ে জামায়াতের তিন কর্মীকে হত্যা করেছে।’
এখন পৃথক দুটি মামলায় উল্টো জামায়াত-শিবিরের চার শতাধিক নেতা-কর্মীকে আসামি করে এলাকাছাড়া করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হলে অন্যান্য দলকেও এগিয়ে আসতে হবে। নইলে ভবিষ্যতে এই সহিংসতা আরও বাড়বে।
পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, গত মঙ্গলবার কুতুবদিয়ায় জামায়াত বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং ১২ জন পুলিশকে একটি চায়ের দোকানে আটকে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছিল। দ্রুত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। অন্যথায় অন্য রকম পরিস্থিতি মোকাবিলা করতে হতো।
স্থানীয় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপির সাংসদ লুৎফর রহমান বলেন, বিএনপি সহিংসতার রাজনীতি করে না। এই পর্যন্ত আমরা মাঠে যেসব আন্দোলন কর্মসূচি পালন করেছি, তার সবগুলো ছিল শান্তিপূর্ণ।
গত ৩০ অক্টোবর দুপুরে জেলা প্রশাসক মো. রুহুল আমিন কুতুবদিয়ার ধুরুং বাজার পরিদর্শন করে আতঙ্কিত লোকজনকে বিপদে (প্রশাসন) পাশে থাকার আশ্বাস দেন এবং দোকানপাট খুলে ব্যবসা পরিচালনার অনুরোধ করেন। কিন্তু এখন পর্যন্ত আতঙ্কে কেউ দোকানপাটখোলেননি।