প্রাণহীন পরিবেশে শেষ হলো মহেশখালীর শিবচতুর্দশী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণহীন পরিবেশে শেষ হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দিরের শিবচতুর্দশী মেলা। মেলা না জমায় শুক্রবার হতাশা নিয়েই বাড়ি ফিরলেন ভক্ত-দর্শক-বিক্রেতারা। রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে তীর্থযাত্রীসহ সাধারণ দর্শক তেমন আসেননি বলে এবারের মেলায় জৌলুশ ছিল না বলে মনে করেন মেলার আয়োজকেরা। প্রতিবছর মন্দিরের শিব দর্শনের জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো তীর্থযাত্রীর সমাগম হতো আদিনাথ এলাকায়। এ উপলক্ষে মন্দির এলাকায় আয়োজন হতো জমজমাট লোকজ মেলা। এলাকার হোটেল-রেস্তোরাঁর মালিক, সাধারণ ব্যবসায়ী, রিকশা-অটোরিকশা, নৌযানসহ বিভিন্ন যানবাহন মালিকেরা অপেক্ষায় থাকেন মেলা উপলক্ষে বাড়তি আয়ের আশায়। মেলায় নানা রকম লোকজ পণ্য নিয়ে ছোট-বড় স্টল বসত এক হাজারের বেশি। এবার এ সংখ্যা ছিল প্রায় ২০০। এসব দোকানে বেচাকেনাও ছিল সামান্য। অন্যান্য বছর মেলা ঘিরে বিনোদনমূলক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও এবার সে ধরনের অনুষ্ঠানের অনুমতিও দেয়নি প্রশাসন।সাত দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু হয় ৯ মার্চ। আয়োজকেরা জানান, দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। কখন কোথায় কী হয়, এই ভয়ে মন্দিরের শিবদর্শন কিংবা মেলা উপভোগ করতে আসেননি দূর-দূরান্তের লোকজন। গত মঙ্গল ও শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, মন্দিরে শিবদর্শন করার জন্য শতাধিক তীর্থযাত্রী সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে ক্রেতাসমাগম কম হওয়ায় বেচাকেনা তেমন নেই।বাঁশখালী থেকে আসা ব্যবসায়ী মনিন্দ্র লাল দে বলেন, প্রতিবছর এই মেলা ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়। বেচাকেনাও বেশ ভালো হতো। কিন্তু এবার লোকজন সেভাবে না আসায় বেচাকেনা তেমন হয়নি। তাই লোকসান দিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। মেলা তদারক কমিটির প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, অন্যান্য বছর ভক্ত-দর্শনার্থীর ভিড়ে মেলায় হাঁটাচলা দায় হতো। এবার দেশের বর্তমান পরিস্থিতির কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে। তাই সার্বিকভাবে মেলা জমেনি। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, অন্যান্য বছর মেলা ঘিরে স্টল বরাদ্দসহ বিভিন্ন খাতে মন্দিরের চার লাখ টাকার মতো আয় হতো। এবার হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মেলা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে তদারক কমিটি গঠন করায় মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।