প্রাণহীন ফোয়ারা বিবর্ণ ভাস্কর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বের হয়ে মূল সড়কে ওঠার মুখেই সুদৃশ্য ফোয়ারা। পানির ঝরনাধারার সঙ্গে আলো ঝলমলে পরিবেশ সন্ধ্যায় অন্য রকম আবহ এনে দিত সেখানে। সেই সৌন্দর্য কাছে টানত নেভাল একাডেমি এলাকায় বেড়াতে আসা লোকজনদের। কিন্তু এ স্বাদ খুব বেশি দিন নিতে পারেনি নগরবাসী। বিশ্বকাপ ক্রিকেট চলাকালে কিছুদিন সচল ছিল। এখন বছরের বেশির ভাগ সময় ফোয়ারাটি পড়ে থাকে প্রাণহীন। জোয়ারের সময় এটি আকণ্ঠ ডুবে থাকে। আর ভাটার সময় মিশে থাকে নদীর পারে ফেলা অসংখ্য পাথরখণ্ডের সঙ্গে। নেই আলো ঝলমলে পরিবেশও। এদিকে, ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে নিমতলী মোড় ও বিভাগীয় স্টেডিয়ামের প্রবেশপথে বসানো হয়েছিল ক্রিকেটারদের ভাস্কর্য। মাত্র এক বছরের মাথায় সেগুলো এখন বিবর্ণ হয়ে পড়েছে। ধুলা জমে ঢেকে গেছে ক্রিকেটারদের শরীর। টাইগারপাস মোড়ে বসানো তিনটি বাঘও সৌন্দর্য হারিয়েছে।নগরের জিইসি, টাইগারপাস, ওয়াসা মোড় ও বন্দর ভবনের সামনে আরও চারটি ফোয়ারা আছে। এগুলোও বেশির ভাগ সময় নিষ্প্রাণ পড়ে থাকে। এর মধ্যে বন্দর ভবনের সামনের ফোয়ারাটিতে অনিয়মিত হলেও মাঝেমধ্যে পানির ঝরনাধারা দেখা যায়। অথচ ওয়াসার সামনে তৈরি যে ফোয়ারা, সেটিতেই সবচেয়ে কম সময় পানি উঠতে দেখা যায়। আর জিইসি মোড়ে যে ফোয়ারাটি রয়েছে, সেটি দিয়ে পানি ওঠে দুর্বলভাবে।এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বিশ্বকাপের আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান দুটি ফোয়ারার জন্য মিটার লাগিয়ে পানির সংযোগ নিয়েছিল। বিশ্বকাপ চলাকালে এগুলো নিয়মিত চালু ছিল। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর ফোয়ারায় আর পানি সরবরাহ দেওয়া হয়নি। কেউ তার জন্য ওয়াসায় আবেদনও করেনি। চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের এসব ফোয়ারা ও ভাস্কর্য নির্মাণ করা হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে ক্রিকেট বিশ্বকাপের সময়। ওই সময় বায়োস্কোপ নামের ঢাকার একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান টাইগারপাস ও জিইসি মোড়ের ফোয়ারা দুটি নির্মাণ করে। বিমানবন্দরে প্রবেশপথের ফোয়ারাটি তৈরি করে সিটি করপোরেশন। তা ছাড়া ওয়াসা মোড়ের ফোয়ারাটি আগে থেকেই তৈরি করেছিল সিটি করপোরেশন। বায়োস্কোপের ব্যবস্থাপক দীপক মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের পর আমাদের তৈরি করা ফোয়ারা থেকে বেশকিছু যন্ত্রপাতি চুরি হয়ে যায়। তা ছাড়া টাইগারপাস মোড়ের ফোয়ারায় আমরা ওয়াসা থেকে পানির সংযোগ নিতে পারিনি। সিটি করপোরেশনও পানির সংযোগ দেয়নি। ফলে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে ভাউজারে করে পানি এনে আমরা ফোয়ারাটি চালু রেখেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আজকালের মধ্যেই আমরা ফোয়ারা দুটির সংস্কার কাজ পুনরায় শুরু করছি। এসব শেষ হলে শিগগিরই এগুলো আবার চালু হবে।’ জানা যায়, বিমানবন্দরের প্রবেশপথে নির্মিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ফোয়ারায় কর্ণফুলীর পানি ব্যবহার করা হয়। কিন্তু এ পানিতে কাদা থাকায় তা অপসারণের ব্যবস্থা করা হয়নি। ফলে ফোয়ারাটিও বেশি দিন চালায়নি সিটি করপোরেশন। এ প্রসঙ্গে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে দেশি-বিদেশিদের কাছে চট্টগ্রাম শহরকে আকর্ষণীয় করতে আমরা অনেক সময়োপযোগী উদ্যোগ নিয়েছিলাম। তার অংশ হিসেবে ফোয়ারা ও ভাস্কর্য নির্মাণ করা হয়। নগরের সৌন্দর্য বাড়াতে এগুলো নতুন করে সংস্কার করে সার্বক্ষণিক চালু রাখার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি।’