প্রাণহীন হয়ে পড়ল নির্বাচনী পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা নাটকীয়তার পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদের প্রার্থিতা আবার বাতিল হওয়ায় প্রাণহীন হয়ে পড়ল চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নির্বাচনী পরিবেশ।এখন আওয়ামী লীগ প্রার্থী সাইফুদ্দিন চৌধুরী ওরফে জাবেদের একমাত্র প্রতিদ্বন্দ্বী রইলেন গণফোরামের উজ্জ্বল ভৌমিক। ভোটারদের ধারণা, আনোয়ারার তৃণমূলে গণফোরামের সাংগঠনিক ভিত্তি নেই। তাই এ নির্বাচন হবে অনেকটা প্রচারবিহীন, একতরফা।চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর পরই এলাকায় জমে ওঠে নির্বাচনী আমেজ। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় গরমিল ও ভুয়া সই নেওয়ার অভিযোগে গত ২৩ ডিসেম্বর জালাল উদ্দিনসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমদ খান। এ ব্যাপারে জালাল চট্টগ্রাম ও ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করে হেরে যান। শেষে হাইকোর্টে রিট করে মঙ্গলবার জালাল তাঁর প্রার্থীতা ফিরে পেলে প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়। কিন্তু বুধবার এক দিন গণসংযোগ করার পর বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জালালের মনোনয়নপত্র পুনরায় বাতিল হয়ে যায়। আর এ খবর এলাকায় পৌঁছার পর পরই পাল্টে যায় পুরো নির্বাচনী এলাকার পরিবেশ। উপজেলার চাতরী চৌমুহনী বাজারের খুদে হোটেল মালিক নুরুল হক (৪৩) বলেন, ‘নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকে প্রতিদিন প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনায় দোকান সরগরম হয়ে উঠত। দুই দিন থেকে সবকিছু যেন পানসে হয়ে গেছে। ভোট নিয়ে মানুষের উৎসাহটা নষ্ট হয়ে গেছে।’তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে বলে মনে হচ্ছে না। আমাদের প্রার্থীসহ নেতা-কর্মীরা দিন-রাত পরিশ্রম করে প্রচারণা চালাচ্ছেন। শিগগিরই মাঠ আরও গরম হবে।’কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা ইসলাম আহমদ বলেন, ‘কর্ণফুলী থানার পাঁচ ইউনিয়নে আমরা প্রচারণার পাশাপাশি কেন্দ্র পরিচালনা কমিটি করে নিয়েছি। আশা করি, ভোটাররা কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ দলীয় প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি সবার কাছে যাচ্ছি, কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছি। ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং এতে আমি জিতব।’গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক প্রচারণা ঠিকমতো চলছে উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারাবাসীর সামনে ইতিহাস গড়ার সুযোগ এসেছে। আশা করি বিএনপি, আওয়ামী লীগের অনেকেও কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়ী করবে।’ভোটার ও ভোটকেন্দ্র: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আনোয়ারার ১১টি ও কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকায় মোট ভোটার দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন। এর মধ্যে আনোয়ারায় ভোটার এক লাখ ৬১ হাজার ৯১৯ জন ও কর্ণফুলীতে ৮৮ হাজার ৮৫২ জন। আনোয়ারায় মোট ভোটারের মধ্যে পুরুষ ৮১ হাজার ১৫১ জন এবং মহিলা ৮০ হাজার ৭৬৮ জন। অন্যদিকে কর্ণফুলী থানায় মোট ভোটারের মধ্যে ৪৫ হাজার ৩৬১ জন পুরুষ ও ৪৩ হাজার ৪৯১ জন মহিলা। আনোয়ারায় মোট ভোটকেন্দ্র ৬০টি, কর্ণফুলী থানায় ৩০টি। উভয় থানায় ভোটকক্ষ করা হচ্ছে ৬১৫টি। নির্বাচন কমিশন এরই মধ্যে ৯০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬১৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ২৩০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে।